
দেশের নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অসাধু সিন্ডিকেটগুলো প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে। সাধারণ মানুষের পকেট কাটতে এবার তারা বেছে নিয়েছে অভিনব এক পথ—প্রথমে বাজার থেকে পণ্য সরিয়ে কৃত্রিম সংকট তৈরি করা এবং পরবর্তীতে সেই সংকটকে পুঁজি করে সরকারকে চাপে ফেলে পণ্যের দাম বাড়িয়ে নেওয়া। জ্বালানি তেল, এলপিজি গ্যাস, চাল-ডাল, ভোজ্যতেল, চিনি, মসলা ও বেকারি পণ্যসহ প্রায় প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এই চক্রের অদৃশ্য হাত সক্রিয় রয়েছে।
বাজারে রান্নার গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। বর্তমানে সরকার নির্ধারিত দামে রান্নার গ্যাস সিলিন্ডার মিলছে না, বরং নির্ধারিত দামের চেয়ে এক থেকে দেড় হাজার টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। কোথাও কোথাও গ্যাস পেতে টাকা দিয়ে এক দিন অপেক্ষা করতে হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, আমদানিতে সামান্য ঘাটতিকে পুঁজি করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লুফে নেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে এই সংকট জিইয়ে রাখে।
বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে পণ্যের পর্যাপ্ত মজুত বা আমদানি থাকা সত্ত্বেও বড় বড় পাইকারি বাজার ও গুদাম থেকে সুকৌশলে পণ্য সরিয়ে নেওয়া হয়। এতে খুচরা বাজারে হঠাৎ তীব্র ঘাটতি দেখা দেয় এবং সাধারণ ক্রেতারা বাধ্য হয়ে চড়া দামে পণ্য কিনতে শুরু করেন। এই সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে ব্যবসায়ীরা সরকারের কাছে দাম বাড়ানোর প্রস্তাব পাঠান। সরকার পরিস্থিতি সামাল দিতে নির্ধারিত মূল্য কিছুটা বাড়ালে সিন্ডিকেট সেই সুযোগে আরও বেশি মুনাফা লুটে নেয়। অতীতে জ্বালানি তেল বা ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির নেপথ্যেও একই কারসাজি কাজ করেছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
ভোক্তা অধিকার সংগঠন ক্যাব-এর মতে, দেশের বাজারে পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রায় ৮০ ভাগ ঘটে এই সিন্ডিকেটের কারসাজির কারণে। বড় বড় পাইকারি ব্যবসায়ী, মিলমালিক বা নির্দিষ্ট করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে সরবরাহ কমিয়ে বাজারে হাহাকার তৈরি করে। বিশেষ করে ভোজ্যতেল ও চালের বাজারে প্রভাবশালী মহলের একচ্ছত্র নিয়ন্ত্রণের বিষয়টি তারা বারবার তুলে ধরেছেন। ক্যাব মনে করে, শুধু সাধারণ বিক্রেতাদের জরিমানা করে এই শক্তিশালী সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়; এর জন্য মূল হোতাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
জ্বালানি তেলের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। গত এপ্রিল মাসে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে সিন্ডিকেট কারসাজি শুরু করে। কিন্তু সরকার তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এর কিছুদিন পরই ফের যুদ্ধ ও হরুমুজ প্রণালির দোহাই দিয়ে জ্বালানি তেল উধাও হয়ে যায় এবং ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি তৈরি হয়। প্রশাসনের লোকজন অনেক ক্ষেত্রে বাড়ির ছাদ বা জঙ্গলের ভেতরে মজুদকৃত তেল উদ্ধার করলেও সিন্ডিকেটের মূল হোতারা বরাবরের মতোই অধরা থেকে যায়। বর্তমানে তেলের দাম বাড়ানোর পর সরবরাহ স্বাভাবিক হয়েছে এবং গ্রাহকদের অভিযোগ, দাম বাড়াতেই এতদিন সংকট বাড়িয়ে দেখানো হয়েছিল।
সম্প্রতি এলপিজি গ্যাসের চরম সংকটের পাশাপাশি ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং পরিবহন খরচকে অজুহাত হিসেবে দেখাচ্ছে। তবে ব্যবসায়ী নেতারা বরাবরই সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে আসছেন। তাদের দাবি, মুক্তবাজার অর্থনীতিতে চাহিদা ও জোগানের ভিত্তিতে দাম নির্ধারিত হয় এবং আন্তর্জাতিক বাজার, ডলারের বিনিময় হার বা এলসি জটিলতাই মূল্যবৃদ্ধির মূল কারণ।
সরকার নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত টাস্কফোর্সের মাধ্যমে অভিযান পরিচালনা, বাজার তদারকি এবং টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে। এছাড়া শুল্ক কমানো বা এলসি খোলা সহজ করার মতো পদক্ষেপও নেওয়া হচ্ছে। তবে অর্থনীতিবিদ ও ভোক্তা অধিকার কর্মীদের মতে, কেবল সাময়িক অভিযান বা জরিমানায় এই শক্তিশালী চক্র ভাঙা সম্ভব নয়। এর জন্য দীর্ঘমেয়াদী কঠোর মনিটরিং, আমদানিতে প্রতিযোগিতা নিশ্চিত করা এবং সরবরাহ শৃঙ্খল স্বচ্ছ রাখা জরুরি।
আপনার মতামত লিখুন :