
আদালতের নির্দেশে বুধবার সকালে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের খানবাড়ির পারিবারিক কবরস্থান থেকে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের উদ্দেশ্যে মরদেহ দুটি কবর থেকে বের করার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম এবং মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) চাঁদ মিয়া উপস্থিত ছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আদালতের নির্দেশনা পাওয়ার পর জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করা হয়। জেলা প্রশাসকের অনুমোদনের পর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ দুটি উত্তোলনের কাজ সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সন্ধ্যায় এলাকা ছাড়ার সময় গণপিটুনিতে সেলিম খান ও তার ছেলে শান্ত খান নিহত হন। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আদালত মরদেহ দুটির ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিলেন।
সেলিম খান লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান ‘শাপলা মিডিয়া’র মালিকও ছিলেন। তার ছেলে শান্ত খান পেশায় চলচ্চিত্র অভিনেতা ছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’-সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। সেলিম খানের বিরুদ্ধে পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণসহ বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাজস্ব ফাঁকিসহ একাধিক মামলা ছিল বলে জানা যায়।
আপনার মতামত লিখুন :