Facebook Twitter Instagram YouTube

ট্রাম্পের ঘোষণা: বাল্টিমোরে ৬৬০ কোটি ডলারের নতুন যুদ্ধজাহাজ কারখানা


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ণ / ০
ট্রাম্পের ঘোষণা: বাল্টিমোরে ৬৬০ কোটি ডলারের নতুন যুদ্ধজাহাজ কারখানা

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে ৬৬০ কোটি ডলারের একটি বিশাল নতুন জাহাজ নির্মাণকেন্দ্রের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেরিল্যান্ডের স্প্যারোজ পয়েন্টে এক অনুষ্ঠানে মঙ্গলবার তিনি এই ঘোষণা দেন, যেখানে তিনি উল্লেখ করেন যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে এমন বড় নতুন জাহাজ নির্মাণকেন্দ্র আর তৈরি হয়নি।

এই প্রকল্পে প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজ এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যৌথভাবে বিনিয়োগ করবে। নৌবাহিনী ২৯০ কোটি ডলার এবং অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজ ৩৭০ কোটি ডলার বিনিয়োগ করবে।

‘আর্সেনাল-টু’ নামের এই নতুন কারখানায় ভার্জিনিয়া শ্রেণির পারমাণবিক শক্তিচালিত আক্রমণাত্মক সাবমেরিনের গুরুত্বপূর্ণ অংশ, যেমন টর্পেডো টিউব, তৈরি করা হবে। ভবিষ্যতে স্বয়ংক্রিয় সাবমেরিনের যন্ত্রাংশসহ আরও বড় অংশ তৈরির পরিকল্পনাও রয়েছে।

অ্যান্ডুরিল জানিয়েছে, নতুন কারখানাটি ২০৩০ সালের মধ্যে উৎপাদনে প্রস্তুত হবে এবং প্রায় ২০ লাখ বর্গফুট এলাকাজুড়ে এটি গড়ে তোলা হবে। এই প্রকল্পে সরাসরি প্রায় ৩ হাজার ১০০ জনের কর্মসংস্থান হবে। মেরিল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মোট ১৪ হাজারের বেশি কর্মসংস্থান তৈরি হতে পারে এই প্রকল্পের মাধ্যমে।

অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা পালমার লাকি প্রেসিডেন্ট ট্রাম্পের একজন ঘনিষ্ঠ রাজনৈতিক সমর্থক এবং বড় রিপাবলিকান দাতা। দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সাল থেকে তিনি রিপাবলিকান প্রার্থীদের জন্য প্রায় ৫৯ লাখ ডলার দিয়েছেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ভবিষ্যতের যুদ্ধপ্রযুক্তি নিয়ে কাজ করা পেন্টাগনের একটি প্রকল্পে লাকিকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন।

অনুষ্ঠানে ট্রাম্প লাকিকে তার ‘বন্ধু’ এবং ‘অসাধারণ প্রতিভাবান’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেন, যদিও লাকি নিজে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। অ্যান্ডুরিল মূলত স্বয়ংক্রিয় ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সফটওয়্যার ও স্বয়ংক্রিয় সামুদ্রিক যান তৈরি করে। ২০১৭ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি এর আগে মানবচালিত সাবমেরিন নির্মাণে কাজ করেনি। প্রতিষ্ঠানটির তৈরি সামুদ্রিক প্রযুক্তি তুলনামূলক ছোট ও স্বয়ংক্রিয় ব্যবস্থাকেন্দ্রিক।

নতুন প্রকল্পে শুরুতে টর্পেডো টিউবের মতো ছোট সাবমেরিনের যন্ত্রাংশ তৈরি করা হলেও, পরে উৎপাদন সক্ষমতা বাড়িয়ে সাবমেরিনের হাল ও পেছনের অংশ তৈরির পরিকল্পনা রয়েছে। তবে অ্যান্ডুরিল পুরো সাবমেরিন নির্মাণ করবে না, বরং যুক্তরাষ্ট্রের প্রধান জাহাজ নির্মাতাদের সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করবে। অ্যান্ডুরিলের প্রেসিডেন্ট ও প্রধান কৌশল কর্মকর্তা ক্রিস ব্রোজ জানান, প্রচলিত জাহাজ নির্মাণে তাদের প্রবেশ কিছুটা ভিন্ন ধরনের উদ্যোগ। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যখন জাহাজ নির্মাণে সংকট মোকাবিলায় তাদের সহায়তা চায়, তখন শুরুতে তারা কিছুটা সংশয়ী ছিল, পরে তারা এই উদ্যোগে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়।

মেরিল্যান্ডের শিল্পাঞ্চল স্প্যারোজ পয়েন্টের দীর্ঘ জাহাজ নির্মাণের ইতিহাস রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেখানে বেথলেহেম ফেয়ারফিল্ড শিপইয়ার্ড ছিল, যেখানে যুদ্ধের জন্য লিবার্টি শ্রেণির জাহাজ নির্মাণ করা হতো। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের শিল্প উৎপাদনের বড় অংশ বিদেশে চলে যাওয়ায় বাল্টিমোর অঞ্চলের শিল্প খাত সংকুচিত হয় এবং ২০১২ সালে ওই এলাকার ইস্পাত কারখানাটি বন্ধ হয়ে যায়, যাতে হাজার হাজার শ্রমিক চাকরি হারান।

এখন নতুন প্রকল্পের মাধ্যমে সেই শিল্পাঞ্চলে আবার বড় আকারের উৎপাদন কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মেরিল্যান্ডের কর্মকর্তারা বলছেন, অ্যান্ডুরিলের এই বিনিয়োগ রাজ্যটির ইতিহাসে সবচেয়ে বড় বেসরকারি বিনিয়োগগুলোর একটি হবে।

তবে প্রকল্পটি নিয়ে কিছু প্রশ্নও উঠেছে। পারমাণবিক শক্তিচালিত আক্রমণাত্মক সাবমেরিনের যন্ত্রাংশ তৈরিতে অ্যান্ডুরিলের সরাসরি অভিজ্ঞতা নেই। প্রতিরক্ষা বিশ্লেষকেরা বলছেন, ছোট স্বয়ংক্রিয় সামুদ্রিক যান তৈরির তুলনায় মানবচালিত পারমাণবিক সাবমেরিনের যন্ত্রাংশ তৈরি অনেক বেশি জটিল ও কঠোর নিয়ন্ত্রণাধীন।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, অ্যান্ডুরিলকে দেওয়া ২৯০ কোটি ডলারের চুক্তিটি উৎপাদনের অগ্রগতি ও নির্ধারিত ফলাফল অর্জনের সঙ্গে যুক্ত। এর মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের ঝুঁকির বড় অংশ প্রতিষ্ঠানটির ওপরই থাকবে। ট্রাম্প অনুষ্ঠানে আরও বলেন, নতুন জাহাজ নির্মাণকেন্দ্রে মার্কিন করদাতারা ৪০ শতাংশ মালিকানা পাবেন। তবে এই মালিকানা কীভাবে কার্যকর হবে বা সরকার প্রকল্পটির কত শতাংশ শেয়ার পাবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

অ্যান্ডুরিলের নতুন কারখানাটি চালু হলে যুক্তরাষ্ট্রের সাবমেরিন নির্মাণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাল্টিমোর অঞ্চলের শিল্প ও কর্মসংস্থানেও বড় প্রভাব পড়তে পারে। একই সঙ্গে নতুন ধরনের একটি প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠানের হাতে প্রচলিত সাবমেরিন নির্মাণের দায়িত্ব দেওয়ার ফলে এর বাস্তবায়ন সক্ষমতা ও উৎপাদন মান নিয়েও নজর থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh