Facebook Twitter Instagram YouTube

যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি তিন মাসে দ্বিগুণেরও বেশি বেড়েছে


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ / ০
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি তিন মাসে দ্বিগুণেরও বেশি বেড়েছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া পারস্পরিক বাণিজ্য চুক্তির (এআরটি) প্রভাব এখন বাংলাদেশের আমদানি বাণিজ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। দুই দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্যে সই হওয়া এই চুক্তির অন্যতম শর্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি উল্লেখযোগ্য হারে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) যুক্তরাষ্ট্র থেকে মোট ১৮৯ কোটি ৬২ লাখ বা প্রায় ১ দশমিক ৯০ বিলিয়ন ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি করেছে বাংলাদেশ।

পরিসংখ্যান বলছে, বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৬০ কোটি ৫৬ লাখ ডলারের পণ্য আমদানি হলেও দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) তা দ্বিগুণেরও বেশি বেড়ে ১২৯ কোটি ৬ লাখ ডলারে পৌঁছেছে। অর্থাৎ, মাত্র তিন মাসের ব্যবধানে আমদানি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১১৩ দশমিক ১১ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে আমদানিকৃত পণ্যের মধ্যে পেট্রোলিয়ামজাত পণ্য ও বিটুমিনসহ খনিজ জ্বালানি ও তেল থেকে উৎপাদিত পণ্যের প্রাধান্য ছিল সবচেয়ে বেশি। এসব পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ৭৭ কোটি ৫২ লাখ ডলার, যেখানে প্রথম প্রান্তিকে এই ব্যয় ছিল মাত্র ১৩ কোটি ৫৫ লাখ ডলার।

এপ্রিল-জুন সময়ে অন্যান্য আমদানিকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৪ কোটি ২৬ লাখ ডলারের তুলা, ১০ কোটি ৪১ লাখ ডলারের লোহা ও ইস্পাত, ৪ কোটি ৭৮ লাখ ডলারের খাদ্যশস্য (গমসহ) এবং ৭ কোটি ২৯ লাখ ডলারের সয়াবিন ও পশুখাদ্য। এছাড়া ২ কোটি ১৯ লাখ ডলারের পরিমাপ ও পরীক্ষা-নিরীক্ষাসংক্রান্ত যন্ত্রপাতি, ১ কোটি ৯১ লাখ ডলারের বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সরঞ্জাম এবং ১ কোটি ৮৫ লাখ ডলারের প্লাস্টিক সামগ্রী আমদানি হয়েছে।

আমদানিকারক ও অর্থনীতিবিদরা বলছেন, এই বাণিজ্য চুক্তির কারণে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি বৃদ্ধি ছিল অবধারিত। ভবিষ্যতে বোয়িংয়ের উড়োজাহাজ কেনা শুরু হলে আমদানি ব্যয়ের অঙ্ক আরও বড় হবে। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িংয়ের কাছ থেকে মোট ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। গত ৩০ এপ্রিল প্রথম চুক্তিতে ১৪টি উড়োজাহাজ কেনার কথা বলা হয়, যার আর্থিক মূল্য প্রায় ৩৭০ কোটি বা ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার (বর্তমান বিনিময় হার ১২৩ টাকা হিসাবে যা প্রায় ৪৫ হাজার ৫১০ কোটি টাকা)। বোয়িং ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে ধাপে ধাপে এসব উড়োজাহাজ সরবরাহ করবে। পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরও ১১টি উড়োজাহাজ কিনতে দ্বিতীয় চুক্তি সই হয়, তবে এই চুক্তির আর্থিক মূল্য সম্পর্কে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২ এপ্রিল শতাধিক দেশের ওপর চড়া হারে শুল্ক আরোপের ঘোষণা দিলে বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ বাড়তি শুল্ক আরোপের কথা জানানো হয়। পরে দরকষাকষির মাধ্যমে তা ২০ শতাংশে নামিয়ে আনা হয়, যা ১ আগস্ট কার্যকর হয়। অন্তর্বর্তী সরকার দীর্ঘ নয় মাস আলোচনার পর জাতীয় নির্বাচনের তিন দিন আগে ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তিতে (এআরটি) সই করে। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানির পাল্টা শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করা হয় এবং কাঁচামাল আমদানিতে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে পাল্টা শুল্ক মওকুফের শর্ত যুক্ত হয়। বিনিময়ে বাংলাদেশ ৩৭০ কোটি ডলারের কৃষিপণ্য, ১৫ বছরে ১ হাজার ৫০০ কোটি ডলারের জ্বালানি পণ্য এবং ১৪টি বোয়িং উড়োজাহাজ ও সামরিক সরঞ্জাম কেনার অঙ্গীকার করে। চুক্তির ১১ দিন পর ২০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের শুল্কগুলোকে অবৈধ ঘোষণা করলেও বাণিজ্য চুক্তি বাতিলের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বিতীয় শীর্ষ আমদানিকারক সিকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, ব্যবসায়িক সুবিধা ও পণ্যের গুণগত মানের কারণেই তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছেন। তিনি জানান, ইউক্রেন যুদ্ধের কারণে অন্যান্য দেশ থেকে পণ্য আমদানিতে বন্দর ব্যবহারের ঝুঁকি ও সরবরাহের অনিশ্চয়তা বেড়েছে। এছাড়া ব্রাজিল বা অন্য দেশের চেয়ে আমেরিকার পণ্যের মান ভালো হওয়ায় দাম কিছুটা বেশি হলেও তারা সেটিই বেছে নিচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির পরিমাণ ২২৬ কোটি থেকে ২৮৫ কোটি ডলারের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে তা এক লাফে ৩৫৯ কোটি ২৯ লাখ ডলারে উন্নীত হয়েছে, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় ৩২ দশমিক ১৫ শতাংশ বেশি। পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, বাণিজ্য চুক্তির কারণেই এই উল্লম্ফন ঘটেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র উচ্চ শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বাংলাদেশসহ অনেক দেশকে বাণিজ্য চুক্তিতে বাধ্য করেছে। এখন আমদানির পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর দিকেও নজর দিতে হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin