
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি সেবার মান কমে যাওয়ার প্রতিবাদে ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া নজিরবিহীন বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই অস্থিরতার পর রোববার সকাল থেকে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিভিন্ন শহর পরিষ্কারের কাজ শুরু হয়েছে। এই সহিংসতায় একজন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন এবং পাঁচ শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া দেশজুড়ে প্রায় ১ হাজার ৮০০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শনিবার ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ হয়। এ সময় সরকারি ভবন, বিলাসপণ্যের দোকান ও সুপারমার্কেটে হামলা, লুটপাট এবং ভাঙচুরের ঘটনা ঘটে। অনেক স্থানে ভবনের দেয়ালে গ্রাফিতি আঁকা হয়েছে এবং পুলিশের গাড়ি ও সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়েছে। রাজধানী প্যারিসে বিক্ষোভ চলাকালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র রাজধানী ও আশপাশের এলাকায় ৮৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যা সেখানে এক দিনে গ্রেপ্তারের রেকর্ড।
দেশটির কয়েক ডজন শহরে আয়োজিত মিছিলে পাঁচ লাখের বেশি মানুষ অংশ নিয়েছেন। গত এক মাস ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বৈষম্য এবং সরকারি সেবার অবনতির ক্ষোভ এই বিক্ষোভের মূল কারণ। দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের লিমোজ শহরে ১৪৩ বছরের পুরোনো সিটি হলে পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যার ফলে ভবনটির বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটির মেয়র গিয়োম গেরাঁ জানান, ভবনটি সংস্কারে ১০ লাখ ইউরো সহায়তা না পেলে তিনি পদত্যাগ করবেন।
বোর্দোর পরিস্থিতিও ছিল উত্তপ্ত; সেখানে মুখোশধারী একটি দল স্থানীয় প্রশাসনিক কর্মকর্তার বাসভবনে ঢুকে পড়ে। মেয়র থমাস কাজনাভের মতে, শহরটিতে প্রায় ১০০টি দোকানে লুটপাট চালানো হয়েছে। এছাড়া খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ক্যারিফোরের প্রধান নির্বাহী জানিয়েছেন, তাদের ৫০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ২০টিতে লুটপাট চালানো হয় এবং এতে কয়েক কোটি ইউরোর ক্ষতির আশঙ্কা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানান, শনিবার দেশজুড়ে কয়েক শ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
সহিংসতার জন্য ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু উগ্র বামপন্থী গোষ্ঠী ও অপরাধীদের দায়ী করেছেন। অর্থমন্ত্রী রোলাঁ লেসক্যুর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আগামী বছর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে, যার আগে এই সামাজিক অসন্তোষ ও সহিংসতা এমানুয়েল মাখোঁর সরকারকে নতুন চাপে ফেলেছে। পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট মাখোঁ রোববার স্থানীয় সময় রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :