
আবাসনসংকট ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে স্পেন ও ফ্রান্সে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ এবার ইতালি ও পর্তুগালেও ছড়িয়ে পড়েছে। ইতালির মিলানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া হয়েছে। গত শনিবার মিলানের কেন্দ্রস্থলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে একটি মিছিল শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে মুখোশধারী বিক্ষোভকারীরা দাঙ্গা পুলিশের দিকে পাথর ও রাস্তার পাকা ব্লক ছুড়তে থাকেন। তাঁরা রেস্তোরাঁর টেবিল দিয়ে তৈরি ব্যারিকেডে আগুন ধরিয়ে দেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। ইতালির বার্তা সংস্থা লাপ্রেস জানিয়েছে, সংঘর্ষে অন্তত দুজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এবং প্রায় ৫০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে, যাদের মধ্যে অনেকে অপ্রাপ্তবয়স্ক। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, বিক্ষোভ করা মানুষের অধিকার হলেও শহরগুলোতে আগুন ধরিয়ে দেওয়া কোনো অধিকার নয়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেন, কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি বিক্ষোভকে কাজে লাগিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। মিলানের মেয়র জিউসেপ্পে সালা জানিয়েছেন, বিক্ষোভের কারণগুলো বোধগম্য হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সহিংসতা ও শহরের ক্ষয়ক্ষতি সমর্থনযোগ্য নয়।
পর্তুগালের রাজধানী লিসবনেও আবাসনসংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন জোরদার হয়েছে। শনিবার সেখানে বিক্ষোভকারীরা তাঁবু খাটিয়ে অবস্থান শুরু করেন। পর্তুগালের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো মানুষ শনিবার বিক্ষোভ মিছিলে অংশ নেন এবং রাতে লিসবনের পর্যটন এলাকা রোসিও স্কয়ারে সমবেত হন। সেখানে রাজা চতুর্থ পেদ্রোর ভাস্কর্যের চারপাশে বসে বিক্ষোভকারীরা রাতভর অবস্থানের ঘোষণা দেন। সমাজকর্মী এলেনা কস্তা বলেন, পর্তুগালের যে সামাজিক শ্রেণি কর দেয়, তারাই আক্রমণের মুখে পড়েছে এবং আবাসনের অধিকার হারাচ্ছে। তিনি আরও বলেন, আমরা বোঝানোর চেষ্টা করছি যে আমাদের দম বন্ধ হয়ে আসছে। লিসবনের বিক্ষোভকারী আন্তোনিও মারগাদো সরকারের সমালোচনা করে বলেন, সরকার বাড়িভাড়ার ওপর নিয়ন্ত্রণ তুলে দিয়েছে, ফলে বাড়ির মালিকেরা বেশি সুরক্ষা পাচ্ছেন কিন্তু ভাড়াটিয়ারা অরক্ষিত হয়ে পড়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে পর্তুগালে আবাসন ব্যয় ১২৪ শতাংশ বেড়েছে, যা ইউরোপীয় ইউনিয়নের গড় বৃদ্ধির তুলনায় প্রায় দ্বিগুণ। লিসবনের আগে দেশটির পোর্তো শহরেও আবাসনসংকটের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো জানিয়েছেন, সরকার মানুষের ক্ষোভ বুঝতে পারছে, তবে তিনি অস্থিতিশীলতা ও বিক্ষোভের পরিবেশ অন্য দেশ থেকে পর্তুগালে নিয়ে আসার চেষ্টা না করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে সতর্ক করেছেন।
এদিকে চলতি সপ্তাহে আলবেনিয়াতেও সহিংস বিক্ষোভ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও উচ্চ টিউশন ফির প্রতিবাদে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবি করছেন। শনিবার বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর, পেট্রলবোমা, ধাতব বস্তু ও আতশবাজি ছোড়েন এবং গাড়ি ও ময়লার পাত্রে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমবারের মতো রাবার বুলেট ব্যবহার করে। বিক্ষোভকারীরা আদালত, ব্যাংক ও ডাকঘরসহ বিভিন্ন ভবনে আগুন দিলে সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আলবেনিয়ায় কয়েক মাস ধরে চলা এই সরকারবিরোধী বিক্ষোভের সূত্রপাত হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সঙ্গে সম্পর্কিত একটি বিতর্কিত পর্যটন রিসোর্ট নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে।
স্পেনে বাড়িভাড়া অস্বাভাবিক বৃদ্ধি ও সামাজিক বৈষম্য নিয়ে ক্ষোভ গত মাসে তীব্র আকার ধারণ করে। এর পেছনে ছিল ৮৭ বছর বয়সী মারিয়া দেল কারমেন আবাসকালকে উচ্ছেদের ঘটনা। বিনিয়োগপ্রতিষ্ঠান তাঁর ফ্ল্যাটের ভাড়া ২৩০ শতাংশ বাড়ানোর দাবি জানালে তিনি তা দিতে ব্যর্থ হন এবং উচ্ছেদ হন। তাঁর মৃত্যুর পর স্পেনজুড়ে বিক্ষোভ শুরু হয় এবং মাদ্রিদের কেন্দ্রস্থলে তাঁবু খাটিয়ে অবস্থান কর্মসূচি পালিত হয়। সরকার আবাসন সুরক্ষায় কিছু পদক্ষেপের প্রস্তাব দিলেও কংগ্রেসে তা বাতিল হয়ে যায়, যার ফলে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নভেম্বরের শেষ দিকে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন। অন্যদিকে ফ্রান্সেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। প্যারিসের প্লাস দ্য লা রিপাবলিকের কাছের সড়কে রোববার ভয়াবহ আগুন লাগে। ফ্রান্সে শুরুতে স্কুল অবকাঠামো নিয়ে ক্ষোভ থাকলেও পরে তা সামাজিক বৈষম্য ও জীবনযাত্রার মানের অবনতির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভে রূপ নেয়। শনিবার ফ্রান্সে ১ হাজার ২০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
চত্বরের মাঝখানে থাকা রাজা চতুর্থ পেদ্রোর ভাস্কর্যের চারপাশে বসে কয়েক শ মানুষ গান গাইতে থাকেন।বিক্ষোভে অংশ নেওয়া ৪৬ বছর বয়সী সমাজকর্মী এলেনা কস্তা বলেন, ‘পর্তুগালের যে সামাজিক শ্রেণি কর দেয়, যাদের অবদানে দেশটি সচল থাকে, তারাই আক্রমণের মুখে পড়েছে।
পর্তুগালের ৫২ বছর বয়সী এই প্রকৌশলী বলেন, সরকার বাড়িভাড়ার ওপর নিয়ন্ত্রণ পুরোপুরি তুলে দিয়েছে।
আপনার মতামত লিখুন :