
দুর্নীতি প্রতিরোধের উপায় নিয়ে মন্তব্য করতে গিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দুর্নীতি বন্ধ করার প্রথম শর্ত হলো রাজনৈতিক নেতৃত্বকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে। তিনি বুধবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, যারা দুর্নীতি বন্ধের কথা বলছেন, সেই রাজনৈতিক নেতৃবৃন্দকেই আগে নিজেরা দুর্নীতিমুক্ত হতে হবে, অন্যথায় এই প্রচেষ্টা ব্যর্থ হবে।
স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে ওই সভায় উপজেলার শিক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত শিক্ষক ও সাংবাদিকরা তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
শিক্ষার্থীদের মাদকাসক্তি ও বর্তমান প্রজন্মের চ্যালেঞ্জের বিষয়টি উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মকে মাদক থেকে সরিয়ে আনতে হবে। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান জেনারেশনকে ডিল করা শিক্ষকদের জন্য কঠিন হয়ে উঠছে, তাই তাদের নতুন করে ভাবতে হবে এবং যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।
নিয়োগ বা প্রশাসনিক কাজে অনিয়মের বিষয়ে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, নিয়োগের ক্ষেত্রে টাকা-পয়সার লেনদেন হলে কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়া স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিদের উদ্দেশে তিনি বলেন, প্রধান শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করা সহ্য করা হবে না। একইসঙ্গে প্রধান শিক্ষকরাও যদি শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটের সঙ্গে জড়িত হন, তবে তাও সহনীয় হবে না।
শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি শাখার সভাপতি ও দিগনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি শাহীন আক্তার পলাশ। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক তাজনুর রহমান ডাবলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব মল্লিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, মাদরাসা শিক্ষক প্রতিনিধি নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি ফিরোজ আহম্মেদ, কলেজ শিক্ষক প্রতিনিধি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষক প্রতিনিধি মনিরুল ইসলাম।
আপনার মতামত লিখুন :