
কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দলটি স্পষ্ট করেছে যে তারা কেবল ‘হাওয়ার ওপর’ ভিত্তি করে কোনো ঐক্য চায় না। এই ঐক্যের নির্দিষ্ট কিছু ভিত্তিমূল ও ধারাবাহিকতা থাকতে হবে বলে দাবি তুলেছেন এনসিপির নেতারা। একই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে নিজস্ব দলীয় ব্যানারে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকা ও সারা দেশে বিক্ষোভ এবং প্রতিবাদ সভার ঘোষণা দিয়েছে তারা।
মাঠে নামার ঘোষণা দেওয়ার পাশাপাশি এনসিপি পাঁচ দফা দাবি উত্থাপন করেছে। এসব দাবির মধ্যে রয়েছে—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার সুনিশ্চিত করা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় করা।
অনলাইনে ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশে সাম্প্রতিক নাশকতামূলক পরিস্থিতির প্রেক্ষাপটে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংসদে বক্তব্যে তিনি উল্লেখ করেন, পরাজিত ও ফ্যাসিবাদের দোসর অপশক্তিকে রুখতে এবং দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত নস্যাৎ করতে দলমত-নির্বিশেষে সব গণতন্ত্রকামী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে।
প্রধানমন্ত্রীর এই আহ্বানের পরদিন অর্থাৎ ১৯ নভেম্বর দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে বৈঠকে বসে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য, যেখানে এনসিপির প্রতিনিধিও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সংবাদ সম্মেলনে জানান, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান প্রধানমন্ত্রী বা সরকারপ্রধানের ঐক্যের ডাকে নীতিগতভাবে সাড়া দিয়েছেন এবং ১১-দলীয় ঐক্য আশা করছে সরকার গণভোট উপেক্ষা করার অবস্থান থেকে সরে আসবে।
দেশের সহিংস পরিস্থিতির প্রেক্ষাপটে গত বুধবার জরুরি বৈঠক করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। পরে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে দলটি ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনব্যাপী দেশের সব জায়গায় সভা, মিছিল, আলোচনা ও সামাজিক কার্যক্রমের কর্মসূচি দেয়। এর পরপরই একই দিন বিকেলে এনসিপির নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’ বৈঠক ডেকে ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে অবস্থান ও কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়।
কর্মসূচি ঘোষণার দিনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন স্পষ্ট করেন যে ঐক্যের বিষয়ে তাঁরা ইতিবাচক হলেও এর ভিত্তি প্রকাশ করা জরুরি। তিনি প্রশ্ন তোলেন, জুলাই গণহত্যার বিচার কত দূর পৌঁছাবে, আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক ধারায় ফেরানো বা পুনর্বাসনের বিষয়ে সরকারের অবস্থান কী, গণভোটের মাধ্যমে প্রাপ্ত সংস্কার এজেন্ডার ভবিষ্যৎ কী হবে এবং এই ঐক্যের ধারাবাহিকতা আদৌ বজায় থাকবে কি না। সরকারের তরফ থেকে আগে এসবের জবাব মিলতে হবে বলে তিনি মন্তব্য করেন।
শনিবার এনসিপির দুজন নীতিনির্ধারক নেতার সঙ্গে কথা বললে তাঁরা জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ব্যাপারে সরকারের সময়ে সময়ে দেখানো শিথিলতা দলটিকে স্বাভাবিক করতে ভূমিকা রাখছে। এমনকি সরকারের দায়িত্বশীল জায়গা থেকে এ নিয়ে পরস্পরবিরোধী অবস্থান দেখা গেছে, যেখানে তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের বক্তব্যের প্রসঙ্গ টেনেছেন নেতারা। একই সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপির ভূমিকা নিয়েও দলটি অসন্তোষ প্রকাশ করে এবং একে বিএনপির ওপর চাপ তৈরির সুযোগ হিসেবে দেখছে। এসব কারণেই এনসিপি সরাসরি নিঃশর্ত ঐক্যে না গিয়ে শর্তের কথা বলছে।
এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, এনসিপি প্রধানমন্ত্রীর ঐক্যের উদ্যোগকে স্বাগত জানালেও এর ধারাবাহিকতা বজায় রাখা দরকার। তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশে একটি প্রাকৃতিক জোট আগে থেকেই ছিল; এখন নতুন করে ঐক্যের প্রয়োজন দেখা দেওয়া মানে সেই সম্পর্কে কোনো চিড় ধরেছে, যার মূল কারণ অনুসন্ধান করতে হবে।
আপনার মতামত লিখুন :