সৌদি আরবে হুথিদের ক্রমাগত হামলার জেরে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে, যেখানে তেলের দাম ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রেখেছে। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার এশিয়ার প্রাথমিক লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক ২ শতাংশ কমে ১১২ দশমিক ৯৬ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে।
তবে শুক্রবারের এই সামান্য দরপতন সত্ত্বেও ব্রেন্ট ক্রুডের দাম টানা তৃতীয় সপ্তাহের মতো বৃদ্ধির পথে রয়েছে। এর আগে বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ বেড়েছিল, যা মে মাসের শুরুর পর থেকে সর্বোচ্চ সমাপনী পর্যায়। অন্যদিকে, ডব্লিউটিআইয়ের দাম গত তিন সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো সাপ্তাহিক পতনের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের অবকাঠামোর ওপর হামলার ঝুঁকি থাকায় আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা নিয়ে বাজার সংশ্লিষ্টরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহের ওপর এই হামলার সম্ভাব্য প্রভাবের দিকে তীক্ষ্ণ নজর রাখছেন বিনিয়োগকারীরা।
আপনার মতামত লিখুন :