মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে সাতজনকে জুয়ার আসর থেকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে সাটুরিয়া সদর ইউনিয়নের উত্তর কাউন্নারা এলাকার একটি পরিত্যক্ত ভবনের ছাদে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আনোয়ার হোসেন (৪৫), মো. আবদুল হালিম (৩৮), মো. ইসমাইল হোসেন (৪০), মো. বাচ্চু মিয়া (৪৯), মো. জুয়েল হোসেন (৩৬), মো. শাহীন মিয়া (৪২) ও পলাশ মিয়া (৪৯)। তারা সবাই উত্তর কাউন্নারা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) এসএম সুলতান মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় বিশেষ অভিযান ও কিলো-৩ ডিউটিতে নিয়োজিত ছিল। বিকেল ৪টার দিকে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উত্তর কাউন্নারা এলাকার মো. হালিম চৌধুরীর একটি পরিত্যক্ত তিনতলা ভবনের ছাদে টাকার বিনিময়ে জুয়ার আসর চলছে। এই তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুই বান্ডিল তাস, একটি প্লাস্টিকের চট ও নগদ ৩ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়েছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে ১৯/২০২৬ নম্বরে একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :