পেশাদার ক্যারিয়ারের দীর্ঘ পথ পাড়ি দেওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার এখন নিজের অবসর পরবর্তী জীবন নিয়ে পরিকল্পনা শুরু করেছেন। বর্তমানে ৩৪ বছর বয়সী এই তারকা ১৭ বছর বয়স থেকে পেশাদার ফুটবলে যুক্ত আছেন। সম্প্রতি ‘ভারান্দা গুরমেট’ চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ফুটবল থেকে বিদায় নেওয়ার পর তিনি অন্তত এক বছর কোনো ধরনের কাজ না করে পুরোপুরি অলস সময় কাটাতে চান।
সাক্ষাৎকারে নেইমার বলেন, অবসরের পর পুরো একটি বছর আমি কোনো কাজ করব না, একদম অলস সময় কাটাব। তিনি নিজের জীবন উপভোগ করার ওপর জোর দিয়ে বলেন, যদি কোনোদিন ফুটবল খেলতে ইচ্ছা করে, তবে খেলব। আবার কোনোদিন কিছু করার ইচ্ছা না থাকলে করব না।
মাঠের ফুটবলের প্রতি প্রচণ্ড আবেগ থাকলেও নেইমার স্বীকার করেছেন যে, টিভিতে ফুটবল ম্যাচ দেখাটা তার একদমই পছন্দ নয়। তিনি জানান, বাস্কেটবল দেখতে তিনি মাঝে মাঝে পছন্দ করলেও ফুটবল খেলা টিভিতে দেখলে তার মেজাজ বিগড়ে যায়। তিনি বলেন, ফুটবল আমি ভালোবাসি, কিন্তু সেটা খেলার জন্য। সোফায় বসে টিভিতে ম্যাচ দেখার বিষয়টি তার দ্বারা সম্ভব নয়।
নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে নেইমার যোগ করেন, প্যারিস ও বার্সেলোনায় থাকার সময় যখন তার তরুণ বন্ধুরা শনি ও রবিবার টিভিতে কেবল ফুটবল ম্যাচ দেখত, তখন তিনি বিরক্ত হয়ে লিভিংরুম ছেড়ে চলে যেতেন। তার এই অদ্ভুত অভ্যাসের কথা শুনে অনেকেই অবাক হন এবং তার কথা বিশ্বাস করতে চান না। তবে নিজের সান্তোস ক্লাবের বর্তমান ছন্দ নিয়ে তিনি দারুণ খুশি বলে জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :