
দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন তাদের গ্রাহকদের জন্য ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ নামে নতুন একটি সেবা চালু করেছে। মেটার সঙ্গে অংশীদারত্ব এবং টেলিনর লিনক্সের সহায়তায় এই উদ্যোগটি নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, এশিয়ায় এ ধরনের উদ্যোগ গ্রহণকারী প্রথমদিকের অপারেটরদের মধ্যে গ্রামীণফোন অন্যতম। গত বৃহস্পতিবার (৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
নতুন এই সুবিধার ফলে ব্যবহারকারীদের নিয়মিত ডেটা ব্যালেন্স শেষ হয়ে গেলেও তারা ইনস্টাগ্রামের কিছু মৌলিক ফিচার ব্যবহারের সুযোগ পাবেন। এর মাধ্যমে গ্রাহকরা নোটিফিকেশন চেক করা, পোস্টের ক্যাপশন পড়া এবং সাধারণ ছবি ও রিলস ব্রাউজ করার মতো কাজগুলো করতে পারবেন। ফলে ডেটা না থাকলেও ইনস্টাগ্রাম কমিউনিটির সঙ্গে যুক্ত থাকা আগের চেয়ে সহজ হবে।
তবে পূর্ণাঙ্গ ইনস্টাগ্রাম অভিজ্ঞতা পেতে হলে গ্রাহকদের পুনরায় ডেটা প্যাক কিনতে হবে। গ্রামীণফোন জানিয়েছে, অ্যাপের ভেতর থেকেই সহজে ডেটা প্যাক কেনার সুবিধা থাকবে। নতুন ডেটা প্যাক সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রাম স্বয়ংক্রিয়ভাবে ফুল-ফিচার মোডে ফিরে যাবে, যার ফলে হাই-রেজ্যুলেশন ছবি ও ভিডিও দেখার মতো সব সুবিধা পুনরায় ব্যবহার করা যাবে।
সেবাটি সম্পর্কে গ্রামীণফোনের প্রধান পণ্য কর্মকর্তা (সিপিও) সোলায়মান আলম বলেন, গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা মেটাতে প্রতিষ্ঠানটি নিয়মিত নতুন নতুন সেবা নিয়ে কাজ করছে। ডিজিটাল জীবনধারা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান ব্যবহারের কথা মাথায় রেখেই ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ চালু করা হয়েছে, যা ডেটা শেষ হওয়ার পরও গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য পেতে ও সবার সঙ্গে সংযুক্ত থাকতে সহায়তা করবে।
আপনার মতামত লিখুন :