
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সালিসি বৈঠকে বাগবিতণ্ডার জেরে নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করার ঘটনায় মো. আশিক (২৩) নামে তার নাতিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মঙ্গলবার দুপুরে তাকে নিয়ে অভিযান চালিয়ে চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যা পাটওয়ারী বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও মামলার বিবরণ অনুযায়ী, গ্রেপ্তার আশিকের বাবা ইসমাইল হোসেন ফারুক ও মা আয়েশা বেগমের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ৩ জুলাই সন্ধ্যায় স্থানীয়ভাবে একটি সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফারুকের চাচা নজরুল ইসলামসহ আরও একজন উপস্থিত ছিলেন। সালিসি চলাকালীন আয়েশা বেগমের সঙ্গে বাকবিতণ্ডা হলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং মোবাইল ফোনে ঢাকায় অবস্থানরত ছেলে আশিককে বিষয়টি অবহিত করেন।
ঘটনা জানার পর আশিক এলাকায় ফিরে আসে এবং ৪ জুলাই বিকেলে বাগবিতণ্ডার একপর্যায়ে নজরুল ইসলামকে গুলি করে। এতে নজরুলের বাম হাতের কব্জির ওপরের অংশে গুলি লাগে। ঘটনার পর থেকেই আশিক পলাতক ছিল। এ ঘটনায় ৬ জুলাই ভুক্তভোগী নজরুল ইসলাম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। র্যাব জানায়, গ্রেপ্তার আশিককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১৬: ১৬আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১৬: ২৬
আপনার মতামত লিখুন :