Facebook Twitter Instagram YouTube

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ /
শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী

চলমান বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এইচএসসি পরীক্ষা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা নিরসনে আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদীয় অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং কোনো পরীক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্ষা মৌসুমে পরীক্ষা আয়োজনের বিষয়ে সরকার শুরু থেকেই সতর্ক অবস্থানে ছিল এবং আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ও সংশ্লিষ্ট দপ্তরের তথ্যের ভিত্তিতেই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিক পরিস্থিতির ওপর নজরদারি রাখছে।

পরীক্ষাকেন্দ্রের সমস্যা প্রসঙ্গে তিনি জানান, কোনো কেন্দ্রে পানি উঠলে বা অন্য কোনো সমস্যা দেখা দিলে স্থানীয় প্রশাসনের সহায়তায় দ্রুত বিকল্প কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যদি প্রশাসনের কোনো গাফিলতির কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে ব্যর্থ হয়, তবে তাদের বিষয়টি সরকার বিবেচনায় নেবে। এছাড়া কোথাও কোনো ত্রুটির কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হলে তা যাচাই করে পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

কুমিল্লাসহ বিভিন্ন এলাকার পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, কিছু কেন্দ্রে পানি জমলেও তা দ্রুত সমাধান করা হয়েছে। চট্টগ্রাম বোর্ডের পরিস্থিতির ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সরকারের কাছে পর্যাপ্ত বিকল্প প্রশ্নপত্র প্রস্তুত রয়েছে। প্রয়োজনে অন্য ক্ষতিগ্রস্ত এলাকার জন্যও পুনরায় পরীক্ষা আয়োজন করা হবে। পরিশেষে শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ উল্লেখ করে তিনি বলেন, কোনোভাবেই তাদের অধিকার ক্ষুণ্ন করা হবে না এবং তাদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এদিনের অধিবেশন অনুষ্ঠিত হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin