
ফরিদপুরের বোয়ালমারীতে অটোভ্যান চালককে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে ভ্যান ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তরিকুল ইসলাম (২৪) নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত তরিকুল বোয়ালমারী পৌরসভার কলারণ গ্রামের আমির হোসেনের ছেলে। এ ঘটনায় আহত অটোভ্যান চালক সামিউল শেখের ভাই সুমন শেখ বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ ও ভুক্তভোগীর ভাষ্যমতে, সোমবার বিকেলে বোয়ালমারী চৌরাস্তা এলাকা থেকে তরিকুল ইসলাম জাটিকগ্রামে তার ফুফুর বাড়িতে যাওয়ার কথা বলে সামিউলের অটোভ্যানটি ভাড়া করেন। গন্তব্যে না গিয়ে তরিকুল বিকেলজুড়ে চালককে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে বেড়ান। রাতে ফেরার পথে বনমালিপুর হয়ে রূপাপাত ইউনিয়নের টুংরাইল গ্রামের নির্জন স্থানে পৌঁছালে পেছন থেকে হাতুড়ি দিয়ে সামিউলের মাথায় আঘাত করেন তরিকুল।
আহত সামিউল জানান, আঘাত করার পরপরই তাকে লাথি মেরে পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়। জীবন বাঁচাতে তিনি চিৎকার শুরু করলে স্থানীয় এক নারীর ডাকে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে এলাকাবাসী তরিকুলকে অটোভ্যানসহ আটক করে পুলিশের হাতে তুলে দেন। সামিউল আরও বলেন, তাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছিল। তরিকুল তাদের একই গ্রামের পরিচিত হওয়ায় তিনি এমন হামলার আশঙ্কা করেননি। ভুক্তভোগীর মা জানান, স্থানীয়দের সময়োচিত হস্তক্ষেপে তার ছেলে প্রাণে রক্ষা পেয়েছে। ভাড়ায় চালানো ভ্যানটিই তাদের উপার্জনের মাধ্যম ছিল।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, ঘটনার প্রেক্ষিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় আটক তরিকুলকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে এবং এ ঘটনার তদন্ত চলছে।
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১৮: ১৮আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১৮: ২০
আপনার মতামত লিখুন :