Facebook Twitter Instagram YouTube

দেশে হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ /
দেশে হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত ও উপসর্গ মিলিয়ে মোট ৯৯০ জন শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তথ্যে এই চিত্র উঠে এসেছে। এই মৃত্যুর মধ্য দিয়ে চলতি প্রাদুর্ভাবের শুরু থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, যার ঘটনা ঢাকায়। এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ছয়জন মারা গেছেন; যাদের মধ্যে চারজন ঢাকায় এবং দুজন সিলেটে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১২২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৩৫ জনে। একই সময়কালে আরও ৮৬৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর ফলে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জনে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৬৬ জনের মৃত্যু হয়েছে।