Facebook Twitter Instagram YouTube

কুলিয়ারচরে বিএনপি কার্যালয়ের নিচে আ. লীগের ব্যানার তৈরি, আটক ১


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ৬:২৯ পূর্বাহ্ণ / ০
কুলিয়ারচরে বিএনপি কার্যালয়ের নিচে আ. লীগের ব্যানার তৈরি, আটক ১

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের নিচে অবস্থিত একটি ছাপাখানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার তৈরির অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে কুলিয়ারচর সদর বিএনপি কার্যালয় ভবনের 'মা আর্ট অফসেট প্রেস এন্ড ডিজিটাল সাইন' নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উত্তেজিত নেতাকর্মীরা ছাপাখানাটিতে তালা ঝুলিয়ে দেন এবং ঘটনাস্থল থেকে কাজী জহিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটক কাজী জহিরুল ইসলাম ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা গ্রামের কাজী মাইন উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ প্রথম ওই ছাপাখানায় আওয়ামী লীগের ব্যানার তৈরির বিষয়টি লক্ষ্য করেন। খবরটি ছড়িয়ে পড়লে পৌর বিএনপির নেতাকর্মীরা দ্রুত প্রেসে গিয়ে জহিরুলকে আটক করেন। পরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় জহিরুল দাবি করেন, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজের ছবি সংবলিত একটি ফটোকার্ড বা পোস্টার তৈরি করতে তিনি ওই প্রেসে এসেছিলেন।

বিএনপির দলীয় কার্যালয়ের ঠিক নিচে নিষিদ্ধ সংগঠনের ব্যানার তৈরির অর্ডার ছাপাখানা কর্তৃপক্ষ কীভাবে গ্রহণ করল, তা নিয়ে দলটির নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, শুধু অর্ডার গ্রহণই নয়, ছাপাখানার সংশ্লিষ্ট ব্যক্তিদেরও এর পেছনে দায় থাকতে পারে। তবে সব অভিযোগ অস্বীকার করে প্রেসের মালিক মীর আলফাজ উদ্দিন নিজেকে বিএনপির ত্যাগী কর্মী হিসেবে দাবি করেন। তিনি জানান, ঘটনার সময় তিনি দোকানের পেছনে ছিলেন এবং দোকানের সহকারী ছেলেটি না বুঝে এই অর্ডারটি নিয়েছিল। তিনি সামনে থাকলে কখনোই এমন ঘটনা ঘটত না দাবি করে বলেন, গত ১৭ বছর ধরে তিনি আওয়ামী লীগের কোনো ব্যানার তৈরি করেননি, তাই এখন করার প্রশ্নই ওঠে না।

ঘটনার বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়েছে। পুরো বিষয়টিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy