Facebook Twitter Instagram YouTube

সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের হট্টগোল


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ৭:১৮ পূর্বাহ্ণ / ০
সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের হট্টগোল

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে সারের ডিলার নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। গতকাল বিকেলে সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের পর কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ একটি সম্পূরক প্রশ্ন উত্থাপন করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের মধ্যস্থতায় অধিবেশন কক্ষে শৃঙ্খলা ফিরে আসে।

সম্পূরক প্রশ্নে হাসনাত আবদুল্লাহ ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের মারাত্মক অভিযোগ তোলেন। বিভিন্ন সংবাদপত্রের খবরের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় এমপিদের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রীরা সারের ডিলারশিপ পেয়েছেন। উদাহরণ টেনে তিনি জানান, ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এবং তাদের মধ্যে ১০ জনই নেতাদের স্ত্রী, সন্তান ও ভাগ্নি। এমনকি এক সংসদ সদস্যের সন্তানও ডিলারশিপ পেয়েছেন বলে দাবি করেন তিনি।

সারাদেশে ডিলার নিয়োগে ‘মহোৎসব’ হয়েছে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, সংরক্ষিত আসনের কোনো কোনো সংসদ সদস্য অর্থের বিনিময়ে ডিলারশিপের জন্য সুপারিশ করেছেন বলে অভিযোগ রয়েছে। কোথাও ১৫টি ইউনিয়নের জন্য ৩০ জনকে ডিলার করার সুপারিশ করা হয়েছে। ২০০৯ সালে তৎকালীন বিরোধী দলের সংরক্ষিত আসনের এমপিদের দায়িত্ব দেওয়াকে অসাংবিধানিক বলা হলেও এখন আবার একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। একইসঙ্গে বিগত সরকারের আমলে সারের ব্যবসা করা ব্যক্তিদের সুবিধা দিতেই মন্ত্রণালয় থেকে নতুন নিয়ম করা হয়েছিল কিনা এবং পরিবারতন্ত্রের মাধ্যমে ব্যবসাহিক সুবিধা নেওয়ার এই প্রবণতা কবে বন্ধ হবে, তা কৃষিমন্ত্রীর কাছে জানতে চান তিনি।

অভিযোগের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, সারের ডিলার নির্বাচনে সম্পূর্ণ নিয়ম মেনে স্বচ্ছতার সঙ্গে কাজ করা হয়েছে। তিনি বলেন, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে পৃথক দুটি কমিটি গঠন করা হয়। উপজেলা কমিটিতে ইউএনও ছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা থাকেন। আবেদন যাচাই-বাছাই শেষে উপজেলা কমিটি তা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠায়।

কৃষিমন্ত্রী আরও স্পষ্ট করেন যে, জেলা পর্যায়ের কমিটি জেলা কৃষি কর্মকর্তা ও জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে গঠিত। এই কমিটি পর্যালোচনা শেষে প্রাপ্ত আবেদন থেকে তিনজনের নাম ক্রমানুসারে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায় এবং মন্ত্রণালয় তালিকার প্রথম ব্যক্তিকেই ডিলার হিসেবে অনুমোদন দেয়। এই প্রস্তাবগুলো কমিটির সকল সদস্যের যৌথ স্বাক্ষরে মন্ত্রণালয়ে আসে, কোনো একক ব্যক্তির স্বাক্ষরে নয়।

জবাব দেওয়ার একপর্যায়ে সংসদে উপস্থিত ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হইচই শুরু করেন। পরিস্থিতি জটিল হলে কৃষিমন্ত্রী বলেন, তিনি নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং বক্তব্য দেওয়ার সময় সাইড টক হলে তার সমস্যা হয়। উত্তর পছন্দ না হলে পরবর্তীতে আবারও প্রশ্ন করার নিয়ম রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সংসদে হট্টগোল বাড়তে থাকলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হস্তক্ষেপ করেন এবং বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। ডেপুটি স্পিকার কৃষিমন্ত্রীকে কিছুটা থামতে বলে অন্য সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘মাননীয় সদস্য প্রশ্ন করেছেন, মাননীয় মন্ত্রী উত্তর দিচ্ছেন। উনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরও একটা প্রশ্ন নেবো। কিন্তু এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন?’ ডেপুটি স্পিকারের এই কঠোর হস্তক্ষেপে পরিবেশ শান্ত হলে মন্ত্রী পুনরায় তার বক্তব্য শেষ করেন।

পরবর্তীতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য দেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি সংসদ সদস্যদের কথা বলার ক্ষেত্রে সংযত ভাষা ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, এমপিরা অর্থের বিনিময়ে সুপারিশ করেছেন বলে যে তথ্য দেওয়া হয়েছে তা একেবারেই অসত্য। কোনো সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা সংশ্লিষ্ট সংসদ সদস্য লিখিতভাবে মন্ত্রীকে জানাতে পারেন। প্রমাণ ছাড়া এমন অসত্য তথ্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার জন্য তিনি ডেপুটি স্পিকারকে অনুরোধ জানান। তিনি স্মরণ করিয়ে দেন, বিগত সরকারের সময় নিয়োগপ্রাপ্ত ডিলারদের বাতিল করে নতুন ডিলার দেওয়ার বিষয়ে সংসদে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল। সেই প্রজ্ঞাপনে কোনো ভুলত্রুটি থাকলে আলোচনার মাধ্যমে তা সংশোধন করা যেতে পারে।

এছাড়া সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকার সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রেখেছে। কৃষকরা যাতে নায্যমূল্যে সার পান, তা নিশ্চিত করতে দেশব্যাপী মনিটরিংয়ের পাশাপাশি বিশেষ টাস্কফোর্স ও মোবাইল কোর্টের কার্যক্রম জোরদার করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin