
জাতীয় সংসদের অধিবেশনে সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় নজিরবিহীন দুর্নীতির অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার (১১ নভেম্বর) কৃষিমন্ত্রীর উপস্থিতিতে তিনি অভিযোগ করেন, সারাদেশজুড়ে সারের ডিলার নিয়োগের নামে এক ধরনের উৎসব হয়েছে, যেখানে সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান, ভাগনে ও আত্মীয়স্বজনদের ডিলারশিপ পাইয়ে দেওয়া হয়েছে।
হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, কিছু সংরক্ষিত আসনের সংসদ সদস্যরাও অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের জন্য সুপারিশ করেছেন। তিনি উল্লেখ করেন, দেশের ১৫টি ইউনিয়নের হয়তো ৩০টিতেই এ ধরনের অনিয়মের ঘটনা ঘটেছে। তিনি বলেন, 'আমাদের দেশে এই সংস্কৃতি কবে বন্ধ হবে—আমি নিজে এমপি হবো, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার স্ত্রী ব্যবসায়ী হবে, আমার ভাগনে ব্যবসায়ী হবে?' তিনি এই ডিলারশিপ নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হবে কি না এবং এটি সুপরিকল্পিত ছিল কি না, তা কৃষিমন্ত্রীর কাছে জানতে চান। তিনি আরও মন্তব্য করেন, ২০০৯ সালে তৎকালীন বিরোধী দলের সংরক্ষিত আসনের এমপিদের নিয়ে বিএনপি যে ব্যবস্থা নিয়েছিল, তাকে বর্তমান সরকার অসাংবিধানিক বললেও বর্তমানে তারা একই কাজ করছে।
জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ডিলার নিয়োগে কোনো অনিয়ম হলে বা জবাব অপছন্দ হলে সংসদ সদস্যের প্রশ্ন করার সুযোগ রয়েছে। তিনি জানান, ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা কমিটি এবং জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা কমিটি আবেদন যাচাই-বাছাই করেছে।
কৃষিমন্ত্রী দাবি করেন, আবেদন যাচাই-বাছাইয়ের পর জেলা কমিটির মাধ্যমে তিনজনের নাম প্রস্তাব করা হয়েছে এবং ওই প্রস্তাবনায় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কমিটির সব সদস্যের স্বাক্ষর রয়েছে। কোনো একক ব্যক্তির স্বাক্ষরে প্রস্তাব পাঠানো হয়নি। তিনি বলেন, মন্ত্রণালয়ে প্রস্তাব আসার পর তালিকায় প্রথম স্থানে থাকা ব্যক্তির নামেই ডিলারশিপ ঘোষণা করা হয়েছে, যা মন্ত্রণালয়ের নিয়মমাফিক কাজ।
আপনার মতামত লিখুন :