Facebook Twitter Instagram YouTube

মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তরের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ণ / ০
মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তরের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুরে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রকে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তর করার ঘোষণা দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। গতকাল শুক্রবার সকালে স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে কালজয়ী এই সাহিত্যিকের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। সংস্কৃতিমন্ত্রী বলেন, শিক্ষা ও সমতা ছাড়া কোনো জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বিগত দিনে যারা রাষ্ট্রক্ষমতায় ছিলেন, তারা এই মৌলিক বিষয়গুলোকে গুরুত্ব দেননি, যার ফলে জাতির অগ্রগতি ব্যাহত হয়েছে।

প্রস্তাবিত সাংস্কৃতিক কেন্দ্রের পরিকল্পনা তুলে ধরে নিতাই রায় চৌধুরী জানান, রূপান্তরিত এই কেন্দ্রে সংগীত চর্চা, পাঠাগার ও পড়াশোনার সুযোগসহ নানাবিধ সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়মিত পরিচালিত হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়কালের সমালোচনা করে তিনি বলেন, সেই সময়ে শিক্ষা ও সংস্কৃতির সুষ্ঠু বিকাশ ঘটাতে না দিয়ে উল্টো অনিয়ম, দমন-পীড়ন এবং মাদকের বিস্তার ঘটানো হয়েছিল। উপহার বা দাওয়াত দিয়ে বিনামূল্যে ইয়াবা সেবন করানোর মাধ্যমে মাদকের বাজার তৈরি করা হয়। একই সঙ্গে শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে অতিরিক্ত নম্বর দেওয়া, পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে ভালো ফল দেখানো, নির্বাচনের আগের রাতে ভোট কেটে নেওয়া, নির্বাচন কার্যালয় ধ্বংস করা এবং গুম-হত্যার মতো নানা অন্যায় কর্মকাণ্ড সংঘটিত হয়েছে।

বাংলা সাহিত্যের পুনর্জাগরণে মীর মশাররফ হোসেনের অবদান স্মরণ করে সংস্কৃতিমন্ত্রী বলেন, তিনি ছিলেন এক বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তার সাহিত্যকর্ম এবং জাতীয় জীবনে রেখে যাওয়া ভূমিকা বিবেচনা করেই এ বছর যথাযথ মর্যাদায় জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের আগে সকালে সাড়ে ৯টায় সংস্কৃতিমন্ত্রী সাহিত্যিকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরপরই বাংলা একাডেমি, স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরবর্তীতে বেলুন উড়িয়ে দিবসের মূল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব (উপসচিব) ড. মো. সেলিম রেজা এবং শুভেচ্ছা বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর সভাপতি অধ্যাপক সালাম তাসির, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক সাইফুর রহমান এবং বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। সেমিনার ছাড়াও কালজয়ী এই সাহিত্যিকের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে স্মৃতিকেন্দ্র চত্বরে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। এর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান কুইজ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy