Facebook Twitter Instagram YouTube

আখাউড়ায় বাজারে শীতের সবজি বাড়লেও কমেনি দাম, চড়া মাছের বাজারও


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ / ০
আখাউড়ায় বাজারে শীতের সবজি বাড়লেও কমেনি দাম, চড়া মাছের বাজারও

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শীতের আমেজ শুরু হতেই বাজারে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পেতে শুরু করেছে। তবে বাজারে যোগান বাড়লেও পণ্যের দাম কমার কোনো লক্ষণ নেই। ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো ও গাজরসহ অধিকাংশ সবজি এখনও বেশ চড়া দামেই বিক্রি হচ্ছে। সবজির পাশাপাশি মাছের বাজারেও চড়া দর বজায় থাকায় দৈনন্দিন কেনাকাটা করতে এসে ক্ষোভ ও নাভিশ্বাস প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা। রোববার (১৫ নভেম্বর) পৌর শহরের সড়ক বাজারে সরেজমিনে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজার দর ও ক্রেতাদের দুর্ভোগের এই ছবি স্পষ্ট হয়ে ওঠে।

সড়ক বাজার ঘুরে দেখা গেছে, সবজির বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। এছাড়া চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, শসা ৩০ থেকে ৩৫ টাকা, করলা ৬০ থেকে ৭০ টাকা, আলু ২৫ টাকা, টমেটো ৯০ থেকে ১০০ টাকা, কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকা, গাজর ১০০ থেকে ১১০ টাকা, মুলা ৩০ থেকে ৩৫ টাকা এবং ধনেপাতা ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, জালি ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, প্রতি হালি কাঁচকলা ৩৫ থেকে ৪০ টাকা এবং প্রতিটি ফুলকপি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

সবজি বিক্রেতা ও ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারে দর বেশি থাকায় খুচরা বাজারে এর সরাসরি প্রভাব পড়ছে। এছাড়া বিভিন্ন বাজার থেকে যাতায়াতের দূরত্ব অনুযায়ী পরিবহন খরচের তারতম্য থাকায় সবজির মূল্যে কিছুটা পার্থক্য তৈরি হয়। তবে শীতকালীন সবজির সরবরাহ যদি সামনের দিনগুলোতে আরও বাড়ে, তাহলে দাম কমে আসবে বলে ব্যবসায়ীরা আশাবাদ ব্যক্ত করেন। সড়ক বাজারের সবজি ব্যবসায়ী রমজান মিয়া জানান, শীতের আমেজ শুরু হওয়ায় গত কয়েক দিনের তুলনায় বাজারে শীতকালীন সবজির আমদানি বেড়েছে এবং সরবরাহ সামনে আরও বাড়লে দর কমে আসবে বলে তিনি আশা করছেন।

সবজির পাশাপাশি মাছের বাজার পরিস্থিতিও চরম অস্বস্তিকর। বাজারে বর্তমানে প্রতি কেজি রুই ২৫০ থেকে ৩৫০ টাকা, কাতলা ৩০০ থেকে ৩৫০ টাকা, তেলাপিয়া ১৬০ থেকে ২০০ টাকা, পাঙাশ ১৬০ থেকে ২০০ টাকা, চাষের কৈ ২০০ থেকে ২৩০ টাকা, চান্দা ২৫০ থেকে ২৭০ টাকা এবং দেশি কৈ ৬০০ থেকে ৬৫০ টাকায় বিকোচ্ছে। এছাড়া চাষের শিং ৩০০ থেকে ৪০০ টাকা, টেংরা ৪০০ থেকে ৫৫০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৭০০ টাকা, চিংড়ি ৬৫০ থেকে ৭৫০ টাকা এবং আকারভেদে ভেটকি মাছ ৪০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। মাছ বিক্রেতারা জানান, বেশ কিছুদিন ধরে বাজারে মাছের সরবরাহ আগের চেয়ে কিছুটা কম হলেও ক্রেতাদের চাহিদা বেশি থাকায় দাম চড়া রয়েছে।

বাজার করতে আসা ক্রেতারা জানান, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের খরচ সামলাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে মাছ ও সবজির উচ্চমূল্যের কারণে প্রতিদিনের খাবার তালিকা থেকে কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন তারা। বিশেষ করে বড় মাছ এখন সাধারণ পরিবারের নাগালের বাইরে চলে গেছে। বাজারে কেনাকাটা করতে আসা মো. নাজির হোসেন বলেন, বাজারে শীতের সবজি অনেক উঠলেও সে অনুপাতে দাম না কমায় চাহিদা অনুযায়ী সবজি কেনা সম্ভব হচ্ছে না। একইভাবে মো. ফরিদ মিয়া জানান, সবজির প্রাচুর্য দেখে খুশি হলেও দাম না কমায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষের দুর্ভোগ কমছে না। গৃহিণী আলেয়া বেগম বলেন, বাজারে দু-একটি পণ্য ছাড়া বেশিরভাগ সবজির দামই চড়া থাকায় সাধারণ মানুষের কেনাকাটা কষ্টকর হয়ে উঠেছে। এছাড়া অটোরিকশালক আলম আফসোস করে বলেন, বাজারে ইচ্ছা থাকলেও দাম বেশি থাকায় চাহিদামতো কেনা যাচ্ছে না, ফলে অল্প পরিমাণ সবজি কিনেই সংসারের দিন কাটাতে হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh