
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বুয়েট, মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করার যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল, তা স্থগিত করেছেন। উচ্চ আদালতের এই সিদ্ধান্তের ফলে এখন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভর্তি পরীক্ষা আয়োজনে কোনো আইনগত বাধা থাকল না।
এর আগে গত ১৮ নভেম্বর এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে আদালত এ বিষয়ে একটি রুলও জারি করেন। হাইকোর্টের সেই আদেশে অনলাইনে ভর্তি আবেদনের পোর্টাল খোলা রাখার পাশাপাশি উচ্চমাধ্যমিকের সম্পূরক পরীক্ষা ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণে অংশ নেওয়া যোগ্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
হাইকোর্টের ওই আদেশ চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। বৃহস্পতিবার চেম্বার আদালতে শুনানি শেষে আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। পরবর্তীতে আপিল বিভাগ হাইকোর্টের আদেশটি স্থগিত করেন।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ রিটটি দায়ের করেছিলেন। রিটে অভিযোগ করা হয় যে, উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার ফলাফলের সময়ের সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচি সমন্বয় করা হয়নি। রিট আবেদনে উল্লেখ করা হয়, চলতি বছর প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন, যাদের আগামী ডিসেম্বরে সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। শিক্ষামন্ত্রীর তথ্য অনুযায়ী, ২৩ ডিসেম্বর এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
রিটকারী আইনজীবী দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ৫ ডিসেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু করছে, ফলে সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগেই অনেক বিভাগের ভর্তি পরীক্ষা শেষ হয়ে যেতে পারে। এতে যোগ্য শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হবেন। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর অনুরোধ জানালেও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় তা যথাযথ বিবেচনায় নেয়নি বলে রিটে অভিযোগ করা হয়। সব যোগ্য শিক্ষার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে ভর্তি পরীক্ষার সময়সূচি সমন্বয়ের নির্দেশনা চেয়েই মূলত এই রিট করা হয়েছিল।
আপনার মতামত লিখুন :