Facebook Twitter Instagram YouTube

সোমবারের মজুরি বোর্ডে কী প্রস্তাব দেবেন পোশাকশিল্পের মালিকেরা


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ৭:১৯ পূর্বাহ্ণ / ০
সোমবারের মজুরি বোর্ডে কী প্রস্তাব দেবেন পোশাকশিল্পের মালিকেরা

পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে আগামীকাল সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে। এই সভায় মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব জমা দেবে। গত সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকার ন্যূনতম মজুরি দাবি করে প্রস্তাব জমা দিয়েছেন। বিজিএমইএ এবং বিকেএমইএর কয়েকজন নেতার সঙ্গে কথা বলে আভাস পাওয়া গেছে যে, মজুরি প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে মালিকেরা অতীতের মতোই কৌশল অবলম্বন করবেন। এই কৌশলের অংশ হিসেবে শুরুতে মালিকেরা কম মজুরি প্রস্তাব করবেন এবং পরে পরিস্থিতি বিবেচনা করে তা বাড়াবেন। গত পাঁচটি মজুরি বোর্ডে মালিকপক্ষ শ্রমিকদের দাবির অর্ধেক বা তার চেয়ে কম মজুরি প্রস্তাব করেছে। প্রতিবারই মালিকপক্ষের এই কম প্রস্তাব শ্রমিক আন্দোলনকে উসকে দিয়েছে এবং শেষ পর্যন্ত আন্দোলন ও দর-কষাকষির পর মালিকপক্ষ প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে রাজি হয়েছে।

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বর্তমান ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের ১ ডিসেম্বর কার্যকর হয়। আগে পাঁচ বছর অন্তর মজুরি বোর্ড গঠিত হতো, তবে বর্তমান বিএনপি সরকার শ্রম আইন সংশোধন করে এই সময়কাল তিন বছর করেছে। সেই হিসাবে আগামী ডিসেম্বর মাস থেকে নতুন মজুরিকাঠামো কার্যকর হওয়ার কথা। সুইডেনভিত্তিক এইচঅ্যান্ডএম গ্রুপের গত মার্চের হালনাগাদ তথ্য অনুযায়ী, চীন, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, ভারত ও তুরস্ক—এই সাতটি দেশের তুলনায় বাংলাদেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সবচেয়ে কম। এইচঅ্যান্ডএমের তথ্যানুযায়ী, বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১০২ মার্কিন ডলার, যেখানে ভারতে ১২৪ ডলার, পাকিস্তানে ১৩৫ ডলার, ভিয়েতনামে ১৬৩ ডলার, ইন্দোনেশিয়ায় ১৭২ ডলার, কম্বোডিয়ায় ২০৮ ডলার এবং চীনে ২৯৪ ডলার। এছাড়া দেশের ট্যানারি, জাহাজভাঙা, স মিল ও নির্মাণ—এই চার খাতে ন্যূনতম মজুরি পোশাকশিল্পের চেয়ে বেশি।

সর্বশেষ ২০২৩ সালের মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা ন্যূনতম মজুরি দাবি করেছিলেন, যার বিপরীতে মালিকপক্ষ ১০ হাজার ৪০০ টাকার প্রস্তাব দেয়। এই প্রস্তাবের পরদিন থেকেই মিরপুর, নারায়ণগঞ্জ, সাভার-আশুলিয়া ও গাজীপুরে আন্দোলন ছড়িয়ে পড়ে। তিন সপ্তাহের সেই আন্দোলনে রাসেল হাওলাদার, ইমরান, জালাল উদ্দিন ও আঞ্জুয়ারা খাতুন নামের চারজন পোশাকশ্রমিক মারা যান। মালিকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০০ কারখানা বন্ধ করে দিয়েছিলেন। আন্দোলনের মুখে মালিকপক্ষ আগের প্রস্তাবের চেয়ে ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা মজুরির প্রস্তাব দেয়, যা পরে চূড়ান্ত হয়।

শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, মালিকপক্ষ নিজেদের মজুরি প্রস্তাব গত সপ্তাহেই চূড়ান্ত করেছে। গত বুধবার বিজিএমইএর বর্তমান সভাপতি সাবেক কয়েকজন সভাপতির সঙ্গে বৈঠক করে তাদের সমর্থন নিয়েছেন। যদিও বাড়তি মজুরি ধাপে ধাপে বাস্তবায়ন এবং সুদের হার এক অঙ্কের ঘরে নামিয়ে আনাসহ বিভিন্ন দাবি জানানো হয়েছিল, তবে সভাপতি তাতে সায় দেননি।

এদিকে বিজিএমইএ এবং বিকেএমইএর যৌথ মতবিনিময় সভায় অধিকাংশ মালিক জানিয়েছেন, তাঁদের ন্যূনতম মজুরি ১৪ হাজার টাকার বেশি দেওয়ার সামর্থ্য নেই। কারণ হিসেবে তাঁরা বলছেন, মজুরি বাড়লে ক্রেতারা পোশাকের দাম বাড়ান না। বিজিএমইএর একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, শেষ পর্যন্ত বিজিএমইএ ১৫ হাজার টাকার আশপাশের মধ্যে প্রাথমিক মজুরি প্রস্তাব দেবে। পরে দর-কষাকষিতে প্রয়োজনে তা বাড়ানো হতে পারে। সে ক্ষেত্রে বাড়তি খরচ সামাল দিতে সরকারের কাছেও কিছু সুবিধা আদায়ের চেষ্টা করবেন মালিকেরা। আজ রোববার বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, তাঁরা আগামীকাল মজুরি বোর্ডের সভায় মজুরি প্রস্তাব দেবেন, তবে কত টাকার প্রস্তাব দেবেন সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo