
জেলার রাজাপুর মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ১৫ জন শিক্ষার্থীকে শনাক্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে শনাক্তকৃত সকল শিক্ষার্থীকে ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল সকালে বিদ্যালয়টির এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার ফল প্রকাশের সময় এই পরিস্থিতি তৈরি হয়। প্রধান শিক্ষক জানান, রবিবার পরীক্ষার ফল প্রকাশের নির্ধারিত তারিখ ছিল, তবে তার আগেই কয়েকজন শিক্ষার্থী নিজেদের ফলাফল জানতে পেরেছিল। আশানুরূপ ফল না পাওয়ায় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শিক্ষার্থীদের এমন আচরণের পেছনে বর্তমান সময়ের পড়াশোনার চাপের প্রতি অসন্তোষ একটি কারণ হতে পারে বলে মনে করছেন শিক্ষক। তার ভাষ্যমতে, আওয়ামী লীগ সরকারের আমলে পড়াশোনার চাপ কম ছিল এবং সহজে পাস করা যেত—এমন ধারণা থেকেই শিক্ষার্থীরা হয়তো এই স্লোগান দিয়েছে।
প্রধান শিক্ষক আরও নিশ্চিত করেছেন যে, শনাক্তকৃত ১৫ শিক্ষার্থীর মধ্যে পাঁচ থেকে ছয়জন আওয়ামী লীগ পরিবারের সন্তান। বর্তমানে ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষের প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে এবং তাদের সবাইকে টিসি দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :