
বাংলাদেশের অর্থনৈতিক ভাবনায় সাধারণত কৃষি, তৈরি পোশাক, প্রবাসী আয় ও স্থলভিত্তিক অবকাঠামো প্রাধান্য পেলেও দেশের দক্ষিণে বিস্তৃত বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্ভাবনা এখনো পুরোপুরি কাজে লাগানো যায়নি। কক্সবাজার কেবল একটি পর্যটন কেন্দ্র নয়; সামুদ্রিক মৎস্য, লবণ উৎপাদন, জ্বালানি, বন্দর, উপকূলে জীববৈচিত্র্য ও আন্তর্জাতিক বাণিজ্যের এক বড় কেন্দ্র হতে পারে এই অঞ্চল। পর্যটন, লবণ শিল্প, মৎস্য খাত ও মাতারবাড়ী বন্দরকে আলাদাভাবে না দেখে এদের মধ্যে সমন্বিত অর্থনৈতিক সংযোগ তৈরি করা গেলে প্রতিটি খাতের সমাহারে সুনীল অর্থনীতি বাস্তব রূপ পাবে। সম্প্রতি এক বিশ্লেষণে এসব সম্ভাবনা ও ধাপে ধাপে টেকসই বাস্তবায়নের চার স্তরের পরিকল্পনা তুলে ধরেছেন রামু সেনানিবাসের জেনারেল স্টাফ অফিসার-২ (শিক্ষা) এবং বিইউপি-র পিএইচডি গবেষক মেজর হাওয়া আকতার।
পরিকল্পনা কমিশনের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশের সামুদ্রিক এলাকার আয়তন প্রায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার। তবে সমুদ্রের প্রকৃত অর্থনৈতিক মূল্য নির্ধারণের জন্য দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক জরিপ প্রয়োজন। কোন অঞ্চলে কী ধরনের খনিজ, জৈব সম্পদ বা মাছ রয়েছে এবং কোথায় প্রজনন ঘটে, তা নিখুঁতভাবে জানা জরুরি। একই সঙ্গে একটি 'জাতীয় সামুদ্রিক সম্পদ হিসাব' প্রতিষ্ঠা করা দরকার, যেখানে আহরিত পণ্যের আর্থিক মূল্যের পাশাপাশি মাছের মজুত, উপকূলীয় বাস্তুতন্ত্র, জলাভূমি এবং দুর্যোগ মোকাবিলায় উপকূলের ভূমিকার নিয়মিত মূল্যায়ন হবে। এতে ভবিষ্যতের উৎপাদন ক্ষমতা অক্ষুণ্ন রেখে সমুদ্র থেকে কত আয় সম্ভব, তা স্পষ্ট হবে।
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে বঙ্গোপসাগরের অগভীর ও গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকার ইতোমধ্যে ২০২৬ সালের অফশোর বিডিং রাউন্ডে ২৬টি ব্লক (১১টি অগভীর ও ১৫টি গভীর সমুদ্রের) আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের জন্য উন্মুক্ত করেছে। বাণিজ্যিক উৎপাদন সম্ভব হলে জ্বালানি আমদানির চাপ কমে দেশীয় শিল্পের উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। এছাড়া বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, উপকূল ও সমুদ্র তলদেশে জিরকন, ইলমেনাইট, রুটাইল, গারনেট, ম্যাগনেটাইট, কায়ানাইট ও মোনাজাইটের মতো মূল্যবান ভারী খনিজ সনাক্ত হয়েছে। কাঁচা খনিজ রপ্তানি না করে দেশে প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন করলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার ঘটবে।
সুনীল অর্থনীতির আরেকটি বিশাল ক্ষেত্র হলো নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন। জোয়ার-ভাটা, সমুদ্রের ঢেউ, উপরিভাগ ও গভীর পানির তাপমাত্রার পার্থক্য কাজে লাগানোর পাশাপাশি সমুদ্রের উপর বায়ু টারবাইন স্থাপন করে প্রচুর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, যা উপকূলের শিল্পাঞ্চল ও পর্যটন কেন্দ্রে সরাসরি সরবরাহ করা যাবে। অন্যদিকে, মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের সামুদ্রিক মাছ আহরণ বর্তমানে প্রধানত ২০০ মিটার গভীরতার মধ্যে সীমাবদ্ধ। গভীর সমুদ্রে প্রবেশের জন্য আধুনিক জরিপ, মজুত নিরূপণ, নিরাপদ আহরণের সীমা নির্ধারণ এবং বরফায়ন, মান নিয়ন্ত্রণ ও আধুনিক প্রক্রিয়াজাতকরণ প্রয়োজন। এতে পচন রোধের পাশাপাশি ডিজিটালাইজেশন ও আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের বিশ্বাসযোগ্যতা বাড়বে।
কক্সবাজারের লবণ শিল্প ক্ষুদ্র উৎপাদক, শ্রমিকের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত। লবণ উৎপাদনকে আধুনিক করার পাশাপাশি আর্টেমিয়া চাষ, উন্নত সামুদ্রিক জলজ চাষ এবং চিংড়ির পোনা প্রতিপালনের মতো বিকল্প জীবিকার ব্যবস্থা করা যায়। কেবল বিচ ও হোটেলের মধ্যে পর্যটনকে সীমাবদ্ধ না রেখে সামুদ্রিক ঐতিহ্য, স্থানীয় খাবার, জেলেদের জীবন ও হস্তশিল্পকে যুক্ত করলে স্থানীয়দের আয় বাড়বে। মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর কেন্দ্রিক শিল্পায়ন, প্যাকেজিং, কোল্ড চেইন, জাহাজ মেরামত, সামুদ্রিক বীমা ও লজিস্টিকস জোরদার করা গেলে বাংলাদেশকে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। পরিবেশসম্মত জাহাজ নির্মাণ ও রিসাইক্লিং অবকাঠামোও নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করবে।
কক্সবাজারে তথ্য ও গবেষণানির্ভর ব্যবস্থার অংশ হিসেবে একটি সমন্বিত সামুদ্রিক তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা যেতে পারে, যা আবহাওয়া, স্রোত, মাছের বিচরণক্ষেত্র ও উপকূলীয় পরিবর্তনের স্থানভিত্তিক ডিজিটাল উপাত্ত জেলে, গবেষণা সংস্থা ও বন্দর কর্তৃপক্ষকে সরবরাহ করবে। পাশাপাশি দীর্ঘমেয়াদে বায়ুশক্তি ও শৈবাল-অণুজীবভিত্তিক সামুদ্রিক জীবপ্রযুক্তির বিকাশে বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ প্রয়োজন। তবে সকল উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠীকে লজিস্টিকস, প্রক্রিয়াজাতকরণ, নৌযান রক্ষণাবেক্ষণ ও ডিজিটাল বিপণনে প্রশিক্ষণ দিতে হবে এবং নারী উদ্যোক্তাদের সহজ ঋণ ও বাজার সুবিধা নিশ্চিত করতে হবে।
সুনীল অর্থনীতি সফল করতে ধাপে ধাপে অগ্রসর হওয়ার চার স্তরের পরিকল্পনা প্রস্তাব করা হয়েছে। প্রথম ধাপে বিদ্যমান সম্পদ, পরিবেশ ও জীবিকার ডাটাবেজ তৈরি করে লবণ প্রযুক্তি, মাছ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রশিক্ষণে অগ্রাধিকার দেওয়া। দ্বিতীয় ধাপে সামুদ্রিক জীবপ্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি ও গবেষণায় বিনিয়োগ বাড়ানো। তৃতীয় ধাপে মাতারবাড়ী বন্দর অবকাঠামোর সঙ্গে কোল্ড সাপ্লাই চেইন, গবেষণা প্রতিষ্ঠান ও দক্ষতা কেন্দ্রের সরাসরি সংযোগ ঘটানো। চতুর্থ ধাপে জাহাজ নির্মাণ খাতে দীর্ঘমেয়াদি অর্থায়ন, শুল্ক ছাড় ও রপ্তানি সহায়তা প্রদান করা। এই প্রক্রিয়ায় কর্মসংস্থান, দূষণ রোধ, মাছের মজুত ও স্থানীয় মানুষের আয় মূল্যায়নে একটি সমন্বিত সূচক চালুর ওপর জোর দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :