Facebook Twitter Instagram YouTube

প্রবাসী তরুণদের যোগ্য ও নৈতিকতায় গড়ে তোলার আহ্বান জামায়াত আমিরের


প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ / ০
প্রবাসী তরুণদের যোগ্য ও নৈতিকতায় গড়ে তোলার আহ্বান জামায়াত আমিরের

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের নিজেদের জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতায় সমৃদ্ধ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার ইউডব্লিউএস ব্যাংকসটাউন অডিটোরিয়ামে আয়োজিত ‘প্রবাসী বাংলাদেশি এক্সক্লুসিভ ইয়ুথ সেশন: চেঞ্জ আওয়ার ইয়ুথ’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ জীবন গঠন ও জাতির কল্যাণে আত্মনিয়োগের বিষয়ে দিকনির্দেশনা দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জীবনে বড় কিছু অর্জন করতে হলে আগে নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে প্রস্তুত করতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আধুনিক ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কেবল ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়, বরং মূল্যবোধের চর্চার মাধ্যমে যোগ্য মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি আরও বলেন, জাতি ও উম্মাহর বৃহত্তর কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে হলে তরুণদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নের কোনো বিকল্প নেই। মতবিনিময়কালে উপস্থিত তরুণরা বাংলাদেশের বিভিন্ন বিষয়ে বিরোধীদলীয় নেতার কাছে প্রশ্ন করেন। তিনি তাদের ব্যক্তিগত উন্নয়ন, শিক্ষা ও দেশ-জাতির প্রতি দায়িত্ববোধের বিষয়ে পরামর্শ দেন এবং নিজেদের গড়ে তোলার প্রচেষ্টায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ডা. শফিকুর রহমানের সাথে আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ২২: ১৯আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ২২: ২৫

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh