Facebook Twitter Instagram YouTube

সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত আমিরের নিন্দা


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ / ০ Views
সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার ভোরে দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ এবং কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

এই কাপুরুষোচিত হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই নিন্দা জানান।

ফেসবুক পোস্টে জামায়াত আমির অভিযোগ করেন, রোববার রাত ৩টার পর নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা এই তাণ্ডব চালিয়েছে। তিনি অবিলম্বে অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

ডা. শফিকুর রহমান বলেন, একের পর এক পতিত ফ্যাসিস্টরা এই ধরনের তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তিনি এর জন্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে প্রধানত দায়ী করেন। সরকার সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত হিসেবে চরম মূল্য দিতে হবে বলে তিনি সতর্ক করেন। জামায়াত আমির বলেন, এভাবে আর নীরব বসে থাকার সুযোগ নেই।

রোববার (২২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor