Facebook Twitter Instagram YouTube

ঢাকার হোটেলে কোহলিদের গোপন খাবারের গল্প শোনালেন নীরাজ কুমার


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ / ০
ঢাকার হোটেলে কোহলিদের গোপন খাবারের গল্প শোনালেন নীরাজ কুমার

ঢাকায় এক পাঁচ তারকা হোটেলের ছোট একটি কক্ষ। ঘরের ভেতর খাটে ও মেঝেতে গাদাগাদি করে বসে আছেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের কয়েক তারকা খেলোয়াড়। হোটেলের কঠোর নিয়ম ভেঙে বাইরে থেকে লুকিয়ে আনা হয়েছে রাতের খাবার। আর তারকা ক্রিকেটারদের সেই গোপন ভোজনসংগ্রাহক দলের মাঝে প্লেট হাতে বসে আছেন এক প্রবীণ ব্যক্তি। তিনি ক্রিকেটার নন, ভারতীয় পুলিশ সার্ভিসের ১৯৭৬ ব্যাচের কর্মকর্তা ও দিল্লি পুলিশের প্রাক্তন কমিশনার নীরাজ কুমার। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি দমন ইউনিটের (এসিইউ) প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে ঢাকা সফরে দেখা এই ঘটনা নিজের আত্মজীবনী বইতে তুলে ধরেছেন তিনি।

নীরাজ কুমার ৩৭ বছরের দীর্ঘ পুলিশজীবন শেষে দিল্লি পুলিশের কমিশনার হিসেবে অবসর নেন। তাঁর ১৩ মাসের কমিশনার পদে দায়িত্বপালনকালে দুটি ঘটনা ভারতীয়দের মনে গভীরভাবে দাগ কেটেছিল। প্রথমটি দিল্লিতে আলোড়ন সৃষ্টি করা নির্ভয়া-কাণ্ড, যেখানে আন্দোলনের তোপে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করলেও মাত্র ১০ দিনে চার্জশিট দিয়ে দ্রুত বিচার সম্পন্ন করে পরিস্থিতি সামলেছিলেন তিনি। দ্বিতীয়টি ২০১৩ সালের আইপিএল স্পট ফিক্সিং, যেখানে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার শ্রীশান্ত, অজিত চান্দিলা ও অঙ্কিত চাভানসহ ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এ মামলায় ভিডিও ও ফোনালাপের জোরালো প্রমাণ হাজির করলেও ম্যাচ ও স্পট ফিক্সিং সংক্রান্ত আইনের অভাবে দুই বছর পর আদালত সবাইকে খালাস দেয়। অবসরের পর ‘ডায়াল ডি ফর ডন’, ‘খাকি ফাইলস’ এবং ‘আ কপ ইন ক্রিকেট’ নামের তিনটি বই লেখেন নীরাজ।

২০১৫ সালের এপ্রিলে বিসিসিআইয়ের তৎকালীন সচিব অনুরাগ ঠাকুর ফোন করে নীরাজ কুমারকে বোর্ডের দুর্নীতি দমন ইউনিটের প্রধান হওয়ার প্রস্তাব দেন। অবসর জীবনে সকালে দেরি করে ঘুম থেকে ওঠা, সিনেমা দেখা, দুপুরে গলফ খেলা এবং শীতে রোদ পোহানোর দিনগুলো ছেড়ে মুম্বাই যেতে চাননি তিনি। তবে দিল্লিতে থেকেই কাজ পরিচালনা করা যাবে—অনুরাগ ঠাকুরের এমন আশ্বাসে ১ জুন দায়িত্বে যোগ দেন নীরাজ। ৮৫ হাজার সদস্যের বিশালাকার পুলিশ বাহিনী সামলানো এ কর্মকর্তা বিসিসিআইয়ে যোগ দিয়ে দেখেন তাঁর সহকর্মী মাত্র দুজন। এমনকি কিছুদিন পর তাঁকে না জানিয়ে অফিস কক্ষও কেড়ে নেওয়া হয়।

বিসিসিআইয়ে যোগ দেওয়ার এক সপ্তাহের মাথায় ভারতীয় দলের সঙ্গে বাংলাদেশে আসেন নীরাজ কুমার। এসিইউ প্রধানের দায়িত্ব ছিল খেলোয়াড়দের কাছাকাছি থাকা, ড্রেসিংরুমে বুকি বা ফিক্সারদের অনুপ্রবেশ ঠেকানো এবং মোবাইল ফোন জমা নেওয়া। খেলোয়াড়দের আস্থা অর্জনকে তিনি কাজের মূল ভিত্তি মনে করতেন। ঢাকা সফরকালে হোটেলের খাবার ক্রিকেটারদের পছন্দ না হওয়ায় সাধারণত বিদেশি সফরে রেস্তোরাঁয় গিয়ে খাওয়ার প্রথা থাকলেও ঢাকায় পেট ভরে খাওয়ার উপযোগী জায়গা পাননি তাঁরা। এ সমস্যার সমাধান আসে শেরেবাংলা স্টেডিয়ামে দুপুরের খাবার সরবরাহকারী এক উত্তর ভারতীয় বংশোদ্ভূত ক্যাটারারের কাছ থেকে। ক্রিকেটাররা তাঁকে রাজি করান রাতের খাবারও রান্না করে পাঠানোর জন্য।

হোটেলে বাইরের খাবার না ঢোকানোর নিয়ম এড়াতে মূল ভূমিকা পালন করেন ভারতীয় দলের ম্যাসাজ থেরাপিস্ট, যাঁকে সবাই ‘কাকা’ বলে ডাকতেন। উত্তর ভারতীয় ক্যাটারারের তৈরি খাবার লুকিয়ে হোটেলে নিয়ে আসতেন কাকা। কাকার কক্ষটিই হয়ে উঠেছিল পুরো দলের সাধারণ ডাইনিং এলাকা। খাবার এলে তারকারা নীরাজ কুমারকেও ডেকে নিতেন। ব্যস্ততম বিশ্বমানের ক্রিকেটারদের সঙ্গে মেঝেতে বসে এভাবে খাবার খাওয়ার ঘটনাটি নীরাজ কুমারের জন্য আজীবনের স্মরণে পরিণত হয়।

ঢাকা সফরে দলটির অন্যতম তারকা বিরাট কোহলির সঙ্গে নীরাজ কুমারের এক বিশেষ রসিকতা চালু হয়। পাঞ্জাবি সংস্কৃতিতে কারও ওজন কমলে ‘কমজোর হয়ে গেছ’ বলার নিয়ম রয়েছে। তাই কোহলি দেখা হলেই নীরাজ কুমারকে হেসে বলতেন, "জনাব, আপ তো বহুত কমজোর হো গ্যায়ে হো!" বিসিসিআইয়ের অন্দরমহলের অন্ধকার ও দুর্নীতি প্রত্যক্ষ করা এই পুলিশ কর্মকর্তা তাঁর বইয়ে লিখেছেন, দুর্নীতির সব ফাইল খুলে দেখলেও ঢাকার সেই হোটেলের রাতের ঘটনাটি কোনো দাপ্তরিক নথিতে নেই।

সেই গল্প অন্য দিনের।.৪৪০ ব্লাড সুগার নিয়েও যেভাবে বোলিং করেছেন ওয়াসিম আকরাম.তা এই লোক ভারতীয় দলের সঙ্গে ঢাকায় কী করছিলেন?

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo