
জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারের লক্ষ্যে বিভিন্ন দলের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ধারাবাহিক আলোচনার প্রথম দিনে সোমবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠক শেষে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী তার জায়গা থেকে ফ্যাসিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। এনসিপি’র প্রতিনিধি দলে নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ।
প্রধানমন্ত্রী ও এনসিপি প্রতিনিধি দলের মধ্যকার আলোচনায় বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতির উদ্ভব একদিনে হয়নি। গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি, বিচারিক বিষয়ে আপসকামিতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থানের অভাব এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না হওয়ার কারণেই এই সংকট তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এর আগে জাতীয় সংসদে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। বিরোধী দলগুলোর পক্ষ থেকেও এই আহ্বানে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তবে এনসিপি’র সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সংলাপের সূচনা হলেও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।
এর আগে এদিন দুপুর ১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসে এনসিপি প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে ছিলেন—দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ।
আপনার মতামত লিখুন :