Facebook Twitter Instagram YouTube

দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে ভারত আইন ভাঙছে: রাশেদ খাঁন


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ / ০ Views
দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে ভারত আইন ভাঙছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। সোমবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই সমালোচনা করেন।

রাশেদ খাঁন লেখেন, বাংলাদেশে আত্মগোপনে থাকা আওয়ামী অপরাধীদের চাঙ্গা করার লক্ষ্যে ‘শেখ হাসিনার ফেরানোর পথ খুঁজতে পশ্চিমবঙ্গের পেট্রাপল সীমান্তে নানক-নাছিমের বৈঠক’ শীর্ষক সংবাদ ভারতীয় মিডিয়ার বরাতে প্রচারের উদ্যোগ নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তিনি দাবি করেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী একজন পলাতক আসামিকে ফেরাতে আরেকটি পলাতক গ্রুপের বৈঠক করার কোনো নজির নেই। ভারত এভাবে দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত নিতে সরকার আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে জানিয়ে তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে গণহত্যার দায়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তবে ভারত তার এই সেবাদাসকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত পাঠাবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এসময় তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি লেখেন, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পেছনে অনেক আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে। বিশেষ করে অস্থিরতা তৈরি করে নাগরিকত্ব বাতিল হওয়া ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন করার একটি অপচেষ্টা চলছে। অতীতের ন্যায় এই অপচেষ্টা রুখে দিতে বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষকে সীমান্ত পাহারা দেওয়ার অনুরোধ জানান রাশেদ খাঁন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy