Facebook Twitter Instagram YouTube

প্রবৃদ্ধির জন্য উদ্যোগী মানসিকতা ও মানবিক নেতৃত্বের আহ্বান


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৬:১০ অপরাহ্ণ / ০
প্রবৃদ্ধির জন্য উদ্যোগী মানসিকতা ও মানবিক নেতৃত্বের আহ্বান

বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতা, প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে টিকে থাকতে হলে প্রথাগত ব্যবসায়িক চিন্তাধারা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত ১০ম লিডারশিপ সামিটে বক্তারা বলেন, প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে চিন্তা, পুনর্গঠন এবং পরিকল্পনাকে বাস্তব ফলাফলে রূপ দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। এ জন্য উদ্যোগী মানসিকতা, উদ্ভাবনী চিন্তা ও মানবিক নেতৃত্বের কোনো বিকল্প নেই।

‘বাংলাদেশ অ্যাট আ ক্রসরোডস: রিইমাজিন. রিডিজাইন. ডেলিভার’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত দিনব্যাপী এই সামিটে দেশের শীর্ষ ব্যবসায়ী, নীতিনির্ধারক, বৈশ্বিক পর্যায়ের নির্বাহী এবং শিক্ষাবিদরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম। সম্মেলনে চারটি মূল প্রবন্ধ উপস্থাপন, একটি বিশেষ আলোচনা, তিনটি প্যানেল আলোচনা, একটি কেস স্টাডি এবং একটি অংশগ্রহণমূলক অধিবেশন অনুষ্ঠিত হয়।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজার ওয়াইস প্যারে, জিও ইনস্টিটিউটের ভাইস চ্যান্সেলর ও কেলগ স্কুল অব ম্যানেজমেন্টের সাবেক ডিন অধ্যাপক দীপক সি. জৈন, ট্রু করপোরেশনের গ্রুপ সিইও এবং টেলিনর গ্রুপের সাবেক প্রেসিডেন্ট ও সিইও সিগভে ব্রেকে এবং এল ক্যাটারটন ইন্ডিয়ার নির্বাহী চেয়ারম্যান সঞ্জীব মেহতা। অধ্যাপক দীপক সি. জৈন তার বক্তব্যে বলেন, বর্তমানে প্রতিযোগিতা কেবল একই খাতের মধ্যে সীমাবদ্ধ নেই, যেকোনো অপ্রত্যাশিত প্রতিষ্ঠানও প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তিনি উল্লেখ করেন, পরিসংখ্যান মানুষের মস্তিষ্ককে আকৃষ্ট করলেও গল্প মানুষের হৃদয় স্পর্শ করে, তাই ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে মানবিক অনুভূতি ও অভিজ্ঞতার গুরুত্ব অপরিসীম। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে কর্মসংস্থানের হুমকি হিসেবে না দেখে একে নতুন দক্ষতার সুযোগ হিসেবে ব্যবহারের পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ আলোচনায় অংশ নেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার। এ ছাড়া বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান, এসিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশিদ, রেনেটার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এস. কাইসার কবির, আইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধুরী, ইউনিলিভার বাংলাদেশের সাবেক চেয়ারম্যান কামরান বাকর এবং বার্জার পেইন্টস বাংলাদেশের নির্বাহী পরিচালক রূপালী হক চৌধুরী।

সামিটের বিভিন্ন অধিবেশনে বক্তারা ব্যবসার প্রবৃদ্ধির বাধা অতিক্রম, প্রতিষ্ঠান পুনর্গঠন, দক্ষ ও দায়িত্বশীল কর্মী দল গঠন এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সাফল্যে সততা, স্বচ্ছতা ও পারিবারিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যথাযথভাবে মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধের বিষয়টিও আলোচনায় উঠে আসে। এছাড়া দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা এবং অনিশ্চিত ভবিষ্যতের জন্য টেকসই প্রতিষ্ঠান নির্মাণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সামিটের কেস স্টাডি অধিবেশনে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয় এবং অংশগ্রহণমূলক অধিবেশনে অংশগ্রহণকারীরা আগামী ৯০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে নিজেদের ভাবনা বিনিময় করেন। দিন শেষে এটি স্পষ্ট হয়েছে যে, বাংলাদেশের আগামী দিনের অগ্রযাত্রা নির্ভর করছে এমন নেতৃত্বের ওপর যারা পরিকল্পনাকে কার্যকরভাবে বাস্তবায়ন করতে সক্ষম।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh