
ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কানের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে যত দ্রুত সম্ভব সামরিক হামলা চালানোর জন্য চাপ দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই বিষয়ে অবগত একটি সূত্রের বরাতে জানানো হয়েছে, নেতানিয়াহুর পক্ষ থেকে এমন চাপ থাকলেও ট্রাম্প এখনো ইরানে হামলার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেননি।
এদিকে, ইসরায়েলের চ্যানেল ১২ রোববার (২২ নভেম্বর) জানিয়েছে, গত সপ্তাহে নেতানিয়াহু এবং শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। তবে ওই সময় শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা নেতানিয়াহুকে সতর্ক করে দিয়ে বলেছেন যে, ইরানের ওপর ইসরায়েলের যেকোনো ধরনের হামলা লেবানন, সিরিয়া এবং গাজাকে অন্তর্ভুক্ত করে একটি বড় ধরনের আঞ্চলিক সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে।
সামরিক গোয়েন্দা সংস্থাগুলোও একই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে, ইসরায়েলের কোনো সামরিক পদক্ষেপ একাধিক ফ্রন্টে যুদ্ধ ছড়িয়ে দিতে সক্ষম। অন্যদিকে, ইসরায়েলের বিরোধী দলীয় নেতা আভিগদোর লিবারম্যান সম্প্রতি দাবি করেছেন যে, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের অনুমোদন বা অংশগ্রহণ ছাড়াই এককভাবে হামলা চালিয়ে বসতে পারেন। লিবারম্যানের মতে, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের যেকোনো ধরনের হামলা হবে অযৌক্তিক এবং সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
আপনার মতামত লিখুন :