
তুরস্কে আবারও সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। মাত্র ১২ দিনের ব্যবধানে ঘটা এই দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা পাঁচজন আরোহীর সবাই নিহত হয়েছেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিমান বাহিনীর এএস-৫৩২ কুগার মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ফ্রান্সের তৈরি এই মডেলের হেলিকপ্টারগুলো মূলত সেনা পরিবহণের কাজে ব্যবহার করা হয়। রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলের মধ্যবর্তী এসকিশেহির প্রদেশের একটি ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই হেলিকপ্টারটি তেপেবাসী জেলার একটি খোলা তৃণভূমিতে ভূপাতিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দুর্ঘটনাস্থলে জরুরি পরিষেবার গাড়িগুলোর উপস্থিতি দেখা গেছে।
তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো কোনো তথ্য দেয়নি। এর আগে গত ১২ নভেম্বর তুরস্কের পূর্বাঞ্চলে এস-৭০ সিরিজের আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল, যাতে চারজন সেনাসদস্য নিহত হন। সেই দুর্ঘটনার কারণও এখন পর্যন্ত জানা যায়নি।
উল্লেখ্য, তুরস্কের সেনাবাহিনী ন্যাটো জোটের সদস্য দেশগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম। ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে তাদের বাহিনী মোতায়েন রয়েছে। তবে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সঙ্গে শান্তি প্রক্রিয়ার মাধ্যমে ২০২৪ সালে বিদ্রোহের সমাপ্তি ঘটায় তুরস্কের নিজস্ব ভূখণ্ডে বর্তমানে কোনো সংঘাত নেই।
আপনার মতামত লিখুন :