Facebook Twitter Instagram YouTube

শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রমের সময়সূচি ও জরুরি নির্দেশনা প্রকাশ


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ণ / ০
শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রমের সময়সূচি ও জরুরি নির্দেশনা প্রকাশ

দেশের স্কুল, কলেজ এবং মাদ্রাসায় অধ্যয়নরত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি ও আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এই কর্মসূচির আওতায় ছাত্রীদের শতভাগ উপবৃত্তি দেওয়া হবে। এছাড়া ছাত্রদের দারিদ্র্য ও মেধার ভিত্তিতে উপবৃত্তি এবং অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কার্যক্রমের সময়সূচি ও নিয়মাবলি ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি কার্যক্রম শুরু হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত আবেদন ফরমের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। এরপর প্রতিষ্ঠানের বাছাই কমিটির মাধ্যমে তথ্য যাচাই করে HSP-MIS সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। সফটওয়্যারে এন্ট্রি করা তথ্য অনলাইনে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ইউএসইও) অথবা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার (টিএসইও) কাছে পাঠানোর শেষ সময় ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এছাড়া উপজেলা বা মেট্রোপলিটন এলাকার উপদেষ্টা কমিটির সভায় সুপারিশকৃত শিক্ষার্থীদের তালিকা ইউএসইও বা টিএসইওর মাধ্যমে অনলাইনে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে পাঠানোর শেষ সময় ১৩ ডিসেম্বর রাত ১০টা। নির্ধারিত সময়ের পর কোনো তথ্য এন্ট্রি বা পাঠানোর সুযোগ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

উপবৃত্তির সর্বশেষ সংশোধিত আবেদন ফরম এবং তথ্য এন্ট্রি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট (www.pmeat.gov.bd) থেকে জানা যাবে। এছাড়া এ-সংক্রান্ত চিঠি ও আবেদন ফরম দেশের সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। উপবৃত্তি সংক্রান্ত যেকোনো প্রয়োজনে অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ০১৩১৬৬৫৮২৩০ ও ০১৩১৬৬৫৮৫২৯ নম্বরে যোগাযোগ করা যাবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor