
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীতে নোঙর করে রাখা বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সাচনা বাজার মাছঘাট সংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে থাকা ছয়জন শ্রমিকের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন দুইজন।
নিখোঁজ শ্রমিকেরা হলেন জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৬) এবং একই গ্রামের পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের মালিকানাধীন তমা নৌপরিবহনের ৬৫০ ফুট বালু ধারণ ক্ষমতাসম্পন্ন নৌকাটি চামারবাড়ী ঘাট এলাকায় নোঙর করা ছিল। দুর্ঘটনার সময় নৌকার দুই শ্রমিক বিশ্রামকক্ষে ঘুমাচ্ছিলেন এবং বাকি চারজন বালুর ওপর বসে ছিলেন। রাত দেড়টার দিকে নৌকায় পানি ঢুকতে শুরু করলে একপর্যায়ে নোঙরের রশি ছিঁড়ে নৌকাটি তলিয়ে যায়। এ সময় বিশ্রামকক্ষে থাকা দুই শ্রমিক নিখোঁজ হন।
উদ্ধার হওয়া চার শ্রমিকের মধ্যে মোস্তাকিম (২২) ও সুমন (২০) আহত হয়েছেন। তাদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া আমিরুল (১৯) ও অনু দাস (২৫) নামে অপর দুই শ্রমিক সুস্থ রয়েছেন।
জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ অভিযান চালাচ্ছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক জানান, তিনি বিষয়টি জেনেছেন এবং খোঁজ নিচ্ছেন।
আপনার মতামত লিখুন :