Facebook Twitter Instagram YouTube

অন্যের সনদে ৩৮ বছর চাকরি, সাবেক সিপাহি আকবর আলীর ১৩ বছর কারাদণ্ড


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ / ০
অন্যের সনদে ৩৮ বছর চাকরি, সাবেক সিপাহি আকবর আলীর ১৩ বছর কারাদণ্ড

অন্যের নাম ও শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যবহার করে সীমান্ত রক্ষা বাহিনী বিজিবিতে (সাবেক বিডিআর) দীর্ঘ ৩৮ বছর চাকরি করার অপরাধে সাবেক সিপাহি আকবর আলীকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুস সালাম প্রতারণা ও জালিয়াতির এই মামলার রায় ঘোষণা করেন।

রায়ে আসামির বিরুদ্ধে একাধিক ধারায় দেওয়া সাজা একটির পর একটি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ছদ্মনামে চাকরিকালীন উত্তোলন করা সমস্ত বেতন-ভাতা সুদসহ হিসাব করে সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আকবর আলী পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

দুদকের কৌঁসুলি খন্দকার শামীম হোসেন সাজার বিষয়টি স্পষ্ট করে জানান, ছদ্মবেশ ধারণ ও পরিচয় জালিয়াতির জন্য তিন বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শিক্ষা ও নাগরিকত্ব সনদ জালিয়াতির অপরাধে পাঁচ বছরের কারাদণ্ডসহ দুই লাখ টাকা জরিমানা, জালিয়াতি প্রকাশের উদ্দেশ্যে জালিয়াতির দায়ে চার বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা এবং জাল দলিল আসল হিসেবে ব্যবহারের জন্য এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পর পর সাজা কার্যকর হওয়ায় আসামিকে মোট ১৩ বছর কারাভোগ করতে হবে।

রায়ের পর্যবেক্ষণে বিচারক আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘এটি জাল-জালিয়াতির উৎকৃষ্ট মামলা। কীভাবে সবকিছু জাল-জালিয়াতি করে দীর্ঘ ৩৮ বছর চাকরি করে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা তুলে নেয়!’

মামলার বিবরণ ও অনুসন্ধানের নথি সূত্রে জানা গেছে, ১৯৮৩ সালে সিরাজগঞ্জ সদরে বিডিআরের সিপাহি পদে নিয়োগের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন আকবর আলী ও জাহাঙ্গীর আলম নামে দুজন। রাজাপুর হাইস্কুল থেকে অষ্টম শ্রেণি পাস করা জাহাঙ্গীর আলম তার শিক্ষাগত যোগ্যতা ও ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ জমা দিয়ে নির্বাচিত হন। তবে পারিবারিক সমস্যার কারণে জাহাঙ্গীর আলমে চাকরিতে যোগ দেননি। অন্যদিকে আকবর আলী বাছাইয়ে অযোগ্য বিবেচিত হন।

পরবর্তীকালে জাহাঙ্গীর আলমের অগোচরে তার নাম, পরিচয় ও শিক্ষাগত সনদ ব্যবহার করে ১৯৮৩ সালের ১ মার্চ বিডিআরে সিপাহি পদে যোগদান করেন আকবর আলী। জালিয়াতির মাধ্যমে চাকরি পেয়ে তিনি অবসরে যাওয়ার পূর্ব পর্যন্ত সরকারি রাজস্ব খাত থেকে বেতন-ভাতা ভোগ করেন। পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে বিজিবি সদর দপ্তরের নথিপত্র, পুলিশি তদন্ত ফরম ও শিক্ষা সনদ খতিয়ে দেখে এই জালিয়াতি ধরা পড়ে।

নথি পর্যালোচনায় দেখা যায়, মূল জাহাঙ্গীর আলমের জন্মতারিখ ছিল ১৯৬৪ সালের ৩১ ডিসেম্বর, যা চাকরির খতিয়ান বইয়ে পরিবর্তন করে ১৯৬৪ সালের ১ মার্চ করা হয়। জাহাঙ্গীর আলমের বাবা মো. মহির উদ্দিনের জায়গায় আকবর আলীর নিজের বাবা জসিম উদ্দিন মণ্ডলের নাম ও স্থায়ী ঠিকানা প্রতিস্থাপন করা হয়। এছাড়া নিজের জালিয়াতি ঢাকতে আকবর আলী জাতীয় পরিচয়পত্রে ‘মো. জাহাঙ্গীর আলম’ নাম ব্যবহার করলেও বাবার নাম হিসেবে নিজের মৃত বাবা জসিম উদ্দিন মণ্ডলের নাম লেখেন।

এমনকি ১৯৮৪ সালের ১০ জানুয়ারি সম্পন্ন হওয়া তার বিয়ের কাবিননামাতেও মো. জাহাঙ্গীর আলম নাম ব্যবহার করা হয়। সেখানে বাবার নাম মো. মহির উদ্দিন (জসিম উদ্দিন মণ্ডল) এবং দাদার নাম পলান মণ্ডল উল্লেখ করা হয়েছিল। অনুসন্ধানে আসল জাহাঙ্গীর আলম জানান, তার বাবার নাম মহির উদ্দিন এবং দাদার নাম পর্বত উল্লাহ শেখ। সিরাজগঞ্জের ১০ নম্বর সয়দাবাদ ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যানও নিশ্চিত করেন যে, কোনাগাতী গ্রামের প্রকৃত জাহাঙ্গীর আলম বিডিআরে মনোনীত হয়েও যোগ দেননি এবং ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত ওই গ্রামে বসবাস করেছিলেন।

দীর্ঘ অনুসন্ধানের পর আকবর আলীর বিরুদ্ধে প্রতারণা, সনদ জালিয়াতি, বিশ্বাসভঙ্গ ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ২০২২ সালের ৭ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা দায়ের করেন সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্র। এজাহারে ১৯৮৩ সালের ১ মার্চ থেকে ২০২২ সালের ২৫ মে অবসর গ্রহণ পর্যন্ত প্রায় ৩৮ বছর অন্যের পরিচয়ে চাকরি করার বিবরণ দেওয়া হয়। তদন্ত শেষে ২০২৪ সালের ২১ এপ্রিল অভিযুক্ত আকবর আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন একই কর্মকর্তা। গত বছরের ১০ আগস্ট আসামির বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু হয়ে ১৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy