
বাংলাদেশি পণ্যের বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের কাছে এ বিষয়ে অনুরোধ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার (২৫ নভেম্বর) প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে সাক্ষাতে আসেন রুশ রাষ্ট্রদূত।
বৈঠককালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং পণ্য তালিকায় বৈচিত্র্য আনার ওপর বিশেষ জোর দেওয়া হয়। প্রতিমন্ত্রী রাশিয়া থেকে গম ও সার সরবরাহের ধারাবাহিকতার কথা স্মরণ করে বাংলাদেশি পণ্যের বাণিজ্য বাড়াতে দেশটির বাজারে অধিক প্রবেশাধিকার প্রদানের কথা বলেন। সেই সাথে বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে বিদ্যমান সুযোগ সুবিধা খতিয়ে দেখে রুশ উদ্যোক্তাদের বিনিয়োগের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান তিনি।
কূটনৈতিক আলোচনার এই পর্বে উভয় পক্ষের মধ্যে দক্ষ জনশক্তি অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা খাতের পারস্পরিক সহযোগিতা নিয়ে কথা হয়। শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে শিক্ষাবৃত্তি ও অ্যাকাডেমিক বিনিময় বৃদ্ধির পাশাপাশি ঢাকায় অবস্থিত রুশ দূতাবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজ ও দ্রুত করার অনুরোধ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রশাসনিক ও দ্বিপাক্ষিক অগ্রগতির বিষয়ে প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের সাম্প্রতিক বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। বর্তমানে দুই দেশের মধ্যে যেসব প্রস্তাবিত চুক্তি বা অন্যান্য দলিল প্রক্রিয়াধীন রয়েছে, তা শিগগিরই চূড়ান্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন জানান, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় মস্কো। তিনি উল্লেখ করেন, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা খাত ও উদীয়মান ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করতে তার দেশ ইতিবাচকভাবে আগ্রহী।
আপনার মতামত লিখুন :