Facebook Twitter Instagram YouTube

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক বসানোর প্রস্তাব মার্কিন প্রশাসনের


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৯:০০ অপরাহ্ণ / ০ Views
বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক বসানোর প্রস্তাব মার্কিন প্রশাসনের

অভ্যন্তরীণ বাজারের চাহিদার তোয়াক্কা না করে অতিরিক্ত শিল্প উৎপাদন এবং কম দামে আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরাহের অভিযোগে বাংলাদেশসহ ১৪টি বাণিজ্য অংশীদার দেশের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন ডনাল্ড ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই প্রস্তাবের আওতায় চীনের পণ্যের ওপর সর্বোচ্চ হারে শুল্ক আরোপ করা হতে পারে, কারণ বিশ্ববাজারে কম দামের পণ্য সরবরাহ করার পেছনে বেইজিংকেই প্রধান অভিযুক্ত হিসেবে দেখছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইন ১৯৭৪-এর ৩০১ ধারার অধীনে অন্যায্য বাণিজ্যচর্চা নিয়ে দীর্ঘ আট মাস তদন্ত চালায় দেশটির বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। মঙ্গলবার এই তদন্তের ভিত্তিতেই শুল্ক আরোপের নতুন প্রস্তাব ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তের জালে বাংলাদেশ, জাপান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও দক্ষিণ কোরিয়ার মতো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রসহ মোট ১৬টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে চূড়ান্ত প্রস্তাবে আপাতত ১৪টি দেশের ওপর শুল্ক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশগুলো হলো— বাংলাদেশ, চীন, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ইউরোপীয় ইউনিয়ন। তালিকায় থাকা মেক্সিকো ও নরওয়ের বিষয়টি এখনো পর্যালোচনাধীন রয়েছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। তবে এ দুই দেশের চূড়ান্ত সিদ্ধান্ত কবে আসবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, তদন্তে দেখা গেছে সংশ্লিষ্ট দেশগুলো বিভিন্ন নীতি, পদক্ষেপ ও কাঠামোগত সুবিধার মাধ্যমে উৎপাদনে অপ্রয়োজনীয় অতিরিক্ত সক্ষমতা ধরে রাখছে। মার্কিন প্রশাসনের দৃষ্টিতে এসব পদক্ষেপ অযৌক্তিক, যা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাণিজ্যের ওপর চাপ সৃষ্টি করছে এবং তাদের ব্যবসাকে সীমিত করছে। ইউএসটিআরের ব্যাখ্যা অনুযায়ী, স্বাভাবিক বাজারনীতি উপেক্ষা করে সরকারি ভর্তুকি, শিল্পনীতির সুবিধা কিংবা অ-বাজারভিত্তিক অর্থনীতির উপাদান ব্যবহার করে উৎপাদন বাড়ানোকেই কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা বলা হয়। এভাবে উৎপাদিত পণ্য কম দামে রপ্তানি করার ফলে আন্তর্জাতিক বাজারের স্বাভাবিক প্রতিযোগিতা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মার্কিন শিল্পপ্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ছে।

নতুন এই প্রস্তাবিত শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। ওই মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে আগামী বছরের জানুয়ারির আগে এই শুল্ক কার্যকর হওয়ার সম্ভাবনা কম। চূড়ান্ত সিদ্ধান্তের আগে শুল্কের হার নিয়ে জনগণের মতামত নেওয়া হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আনুষ্ঠানিক শুনানির আয়োজন করা হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই কার্যকর করার ধাপ শুরু হবে। বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে দেশভিত্তিক নির্দিষ্ট শুল্কের হার ঘোষণা করার কথা রয়েছে। একই সঙ্গে মঙ্গলবার রাতে মার্কিন কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটিগুলো এবং শুল্কের আওতায় আসা দেশগুলোকে এই সিদ্ধান্ত সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন যুক্তরাষ্ট্রের দায়িত্বশীল কর্মকর্তারা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin