
মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে আজ রোববার (২৯ নভেম্বর) আত্মপক্ষ সমর্থনে যুক্তিতর্ক উপস্থাপন করবে আসামিপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য রয়েছে। নিরাপত্তাজনিত কারণে জিয়াউল আহসান সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি বিচারিক কার্যক্রমে অংশ নিচ্ছেন। তার পক্ষে আইনি লড়াই পরিচালনা করছেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।
এর আগে গত ২৬ নভেম্বর মামলার তৃতীয় দিনের সমাপনী বক্তব্যে রাষ্ট্রপক্ষ জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি দাবি করে। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল তার বক্তব্যে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ ও উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ তুলে ধরে মৃত্যুদণ্ডের আবেদন জানান। একই সঙ্গে তার সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আবেদনও করা হয়। ওই দিন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও তার সর্বোচ্চ সাজা দাবি করেন। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে মামলার অভিযোগ, সাক্ষ্যপ্রমাণ, বিচারপ্রক্রিয়ার ন্যায়সংগততা এবং দেশি-বিদেশি আইন ও বিচারিক নজির তুলে ধরা হয়। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিমও জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ এবং অপরাধ প্রমাণের বিষয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন।
মামলার যুক্তিতর্ক গত ২৪ নভেম্বর শুরু হয়। প্রথম দিন চিফ প্রসিকিউটর মামলার ঘটনাবলি ও জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তুলে ধরেন। দ্বিতীয় দিনে বিচারপ্রক্রিয়ার ন্যায়সংগততা নিয়ে আইনি ব্যাখ্যা দেওয়া হয়। এর আগে গত ২২ নভেম্বর জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি, যিনি মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও উপস্থাপন করেন। গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
প্রসিকিউশন এ মামলায় তিনটি সুনির্দিষ্ট অভিযোগ এনেছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। তৃতীয় অভিযোগে একই সময়ে বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ আরও ৫০ জনকে হত্যার অভিযোগ করেছে প্রসিকিউশন।
চলতি বছরের ১৪ জানুয়ারি প্রসিকিউশনের আনা অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ৮ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়, যেখানে প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভুঁইয়া। গত বছরের ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয় এবং একই দিন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে। এরপর ২৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ জিয়াউল আহসানকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজ আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ আরেকটি ধাপ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :