
প্রতিকূল আবহাওয়ার বাধা কাটিয়ে উৎসবের রঙে সেজে উঠল নিউ ইয়র্কের ম্যানহাটন। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী আয়োজন ‘মেসি’স থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড’ এবার তার শততম আয়োজনের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল। নির্ধারিত দিনের দুই দিন পর শনিবার এই প্যারেড অনুষ্ঠিত হলেও বর্ণিল বেলুন, সুসজ্জিত ফ্লোট এবং তারকাদের পরিবেশনায় উৎসবের আমেজে কোনো ঘাটতি ছিল না।
১৯২৪ সালে যাত্রা শুরু করা এই প্যারেডের ইতিহাসে এবারই প্রথম প্রতিকূল আবহাওয়ার কারণে তারিখ পরিবর্তন করতে হয়েছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে প্যারেডটি হওয়ার কথা ছিল। কিন্তু প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও উপকূলীয় ঝড়ের আশঙ্কায় অংশগ্রহণকারী ও দর্শকদের নিরাপত্তার কথা ভেবে আয়োজক ও নিউ ইয়র্ক কর্তৃপক্ষ অনুষ্ঠানটি ২৮ নভেম্বর শনিবার পর্যন্ত পিছিয়ে দেয়। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত টানা তিন বছর হিলিয়াম ও রাবারের সংকট থাকায় প্যারেডটি বাতিল করা হয়েছিল। সেই তিন বছর বাদ দিয়ে ২০২৬ সালে প্যারেডটি শততমবারের মতো আয়োজিত হলো।
শততম আয়োজনকে স্মরণীয় করে রাখতে এবার ছিল বিশেষ প্রস্তুতি। প্যারেডে রেকর্ড ১০০টি বিশালাকার বেলুন ও আকর্ষণীয় ফ্লোট প্রদর্শন করা হয়। এছাড়া জনপ্রিয় কার্টুন ও বিনোদন জগতের নানা চরিত্রের পাশাপাশি ফিরে এসেছে ঐতিহাসিক চরিত্রগুলোও। ১৯২৭ সালে প্রথম অংশ নেওয়া ‘ফেলিক্স দ্য ক্যাট’ এবং দীর্ঘ বিরতির পর ‘আন্ডারডগ’-এর উপস্থিতি দর্শকদের বিশেষ আকর্ষণ তৈরি করে।
প্রায় আড়াই মাইল দীর্ঘ প্যারেড রুট ছিল দর্শকদের ভিড়ে ঠাসা। আপার ওয়েস্ট সাইডের সেন্ট্রাল পার্ক ওয়েস্ট থেকে শুরু হয়ে সিক্সথ অ্যাভিনিউ ধরে শোভাযাত্রাটি হেরাল্ড স্কয়ারে পৌঁছায়। নিউ জার্সি থেকে আসা মারিয়ানা চৌধুরী জানান, তিন বছর পর এই শতবর্ষ উদযাপন দেখতে তিনি ম্যানহাটনে এসেছেন। এছাড়া নিউ ইয়র্কে বসবাসরত মোহাম্মদ আজির জানান, আবহাওয়ার কারণে কিছুটা দুশ্চিন্তায় থাকলেও শেষ পর্যন্ত প্যারেডটি অনুষ্ঠিত হওয়ায় তিনি খুশি, কারণ এটি যুক্তরাষ্ট্রের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
এবারের আয়োজনে সংগীত ও বিনোদন জগতের জনপ্রিয় তারকারা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন এলএল কুল জে, কুইন লতিফা, কিকি পামার, ডিভো, নাতাশা বেডিংফিল্ড, স্ম্যাশ মাউথ, রেই, মেগান মরোনি এবং ওয়াইক্লেফ জ্যঁ। তারিখ পরিবর্তনের পরও অধিকাংশ পরিবেশক নতুন সূচিতে অংশ নেন এবং নতুন করে যুক্ত হন সংগীতশিল্পী গ্লোরিয়া গেনর। প্যারেড ঘিরে ম্যানহাটনের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের বিপুলসংখ্যক সদস্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত ছিলেন।
আপনার মতামত লিখুন :