
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বাস্তবায়নের ‘হাতিয়ার’ না হতে প্রতিবেশী ইরাককে সতর্ক বার্তা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা ও সহকারী মোহাম্মদ মোখবার বাগদাদকে সীমান্ত পরিস্থিতির বিষয়ে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে অভিন্ন স্বার্থ ও ভাগ্য জড়িত থাকা ইরানের পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ বলে তিনি উল্লেখ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোখবার জানান, অতীতের চরম সংকটের দিনগুলোতেও ইরান তার সর্বশক্তি দিয়ে ইরাকের জনগণের পাশে থেকে বন্ধুত্বের প্রমাণ দিয়েছে। দুই দেশের বিদ্যমান এই অবিচ্ছেদ্য সম্পর্কের কারণে সীমান্ত সংক্রান্ত যে কোনো পদক্ষেপে বাগদাদকে বিচক্ষণ হতে হবে। ইরাক যেন ইসলামের শত্রু এবং ‘অপরাধী ট্রাম্পের’ এজেন্ডা বাস্তবায়নের বাহন না হয়ে দাঁড়ায়, সে বিষয়টিও স্মরণ করিয়ে দেন তিনি।
ইরানি উপদেষ্টার এই বার্তাটি আসে মার্কিন প্রেসিডেন্টের এক বক্তব্যের পর। এর আগে সাবেক ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির ভূমিকার প্রশংসা করেছিলেন। ইরাক থেকে অবৈধ তেল চোরাচালান বন্ধ, দুর্নীতির লাগাম টানা এবং দেশের সকল অস্ত্রকে রাষ্ট্রের একক কর্তৃত্বে আনার প্রচেষ্টার জন্য ট্রাম্প ইরাকি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।
এদিকে ট্রাম্পের ওই বক্তব্যের পরই তেহরানের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া এল। এর আগে গত বুধবার ইরাকের সীমান্তরক্ষী বাহিনী সিরিয়া এবং ইরানের সঙ্গে সংযোগকারী দুটি সীমান্ত পথ বন্ধ করে দেয়। বিদ্যমান সীমান্ত প্রেক্ষাপট ও মার্কিন অবস্থানের প্রেক্ষাপটে ইরানের এই উচ্চপর্যায়ের বার্তা কূটনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :