Facebook Twitter Instagram YouTube

১৯৭১ সালে সংগীতকে মুক্তিযুদ্ধের হাতিয়ার করেছিলেন জর্জ হ্যারিসন


প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ৯:২৫ পূর্বাহ্ণ / ০
১৯৭১ সালে সংগীতকে মুক্তিযুদ্ধের হাতিয়ার করেছিলেন জর্জ হ্যারিসন

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সংগীতকেই প্রতিবাদের অন্যতম প্রধান হাতিয়ার করেছিলেন ‘বিটলস’ ব্যান্ডের খ্যাতনামা সদস্য জর্জ হ্যারিসন। কেবল অর্থ সংগ্রহে সীমাবদ্ধ না থেকে তিনি আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দিয়েছিলেন একাত্তরে বাঙালিদের চরম দুর্দশা ও সংগ্রামের বার্তা।

যুক্তরাজ্যের লিভারপুলে ১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন হ্যারিসন। চার ভাইবোনের মধ্যে সর্বকনিষ্ঠ এই শিল্পী কৈশোর বয়স থেকেই গিটারের প্রতি তীব্র অনুরাগী ছিলেন। পরবর্তীকালে জন লেনন ও পল ম্যাকার্টনির সঙ্গে যুক্ত হয়ে গঠিত হয় ঐতিহাসিক ব্যান্ড ‘বিটলস’। ব্যান্ডের প্রধান গিটারবাদক হিসেবে পরিচিতির পাশাপাশি ‘হোয়াইল মাই গিটার জেন্টলি উইপস’, ‘হিয়ার কামস দ্য সান’ এবং ‘সামথিং’-এর মতো কালজয়ী গান তাকে বিশ্বসংগীত জগতে এনে দেয় স্বতন্ত্র খ্যাতি। একইসঙ্গে ভারতীয় সংগীতের প্রতি গভীর আগ্রহ থাকায় তিনি পণ্ডিত রবিশঙ্করের কাছে সেতার শেখেন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও শরণার্থী শিবিরের মানবিক বিপর্যয় ১৯৭১ সালে গভীরভাবে নাড়া দেয় হ্যারিসনকে। পরিস্থিতি জানিয়ে রবিশঙ্কর একটি দাতব্য কনসার্টের প্রস্তাব দিলে, হ্যারিসন খবরের কাগজের প্রতিবেদন পড়ে আগে বাস্তবচিত্র বোঝার চেষ্টা করেন এবং দ্রুত নিজেই উদ্যোগী হন। নিজের আত্মজীবনী ‘আই, মি, মাইন’-এ এ প্রসঙ্গে তিনি লিখেছিলেন, ‘আমার মনে হলো, কাজটার ব্যাপারে আমার বোধ হয় তাকে সাহায্য করা উচিত।’ তবে খুব কম সময়ের মধ্যে এই আয়োজন সম্পন্ন করা সহজ ছিল না। তিনি লিখেছেন, ‘তিন মাস ধরে টেলিফোনে কথা বলে কনসার্টের আয়োজন করেছি, শিল্পীদের রাজি করানোর চেষ্টা করেছি।’ মহড়ার স্বল্পতা নিয়ে তার স্বীকারোক্তি ছিল, ‘আমরা খুব সামান্য মহড়া করতে পেরেছিলাম। প্রকৃতপক্ষে সবাইকে নিয়ে কোনো মহড়াই হয়নি।’

সমস্ত সীমাবদ্ধতা অতিক্রম করে ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’। মঞ্চে হ্যারিসনের সঙ্গে একযোগে সুর তোলেন পণ্ডিত রবিশঙ্কর, বব ডিলান, এরিক ক্ল্যাপটন ও রিঙ্গো স্টারসহ আরও অনেক বিশ্বখ্যাত সংগীতশিল্পী। প্রথম শোর সমস্ত টিকিট নিমেষেই বিক্রি হয়ে যাওয়ায় সেদিনই দ্বিতীয় শোর আয়োজন করতে হয়। এই কনসার্টের টিকিট বিক্রি, পরবর্তী অ্যালবাম এবং চলচ্চিত্র থেকে সংগৃহীত অর্থ সরাসরি পৌঁছানো হয়েছিল বিপন্ন শরণার্থীদের সহায়তায়।

তবে হ্যারিসনের দৃষ্টিতে এই প্রয়াসের মূল তাৎপর্য কেবল অর্থ তোলায় সীমাবদ্ধ ছিল না। আত্মজীবনীতে তিনি লিখেছেন, ‘হাজার হাজার মানুষ প্রতিদিন মারা যাচ্ছিল, অথচ সংবাদপত্রে সে খবর থাকত মাত্র কয়েক লাইনে। আমরা বাংলাদেশের ঘটনাগুলোর প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিলাম।’ বহু সময় বাঙালি রেস্তোরাঁর ওয়েটাররা তার সঙ্গে সাক্ষাৎ করে বলতেন, ‘জঙ্গলে যুদ্ধ করার সময় এটা জেনে ভালো লাগত যে, বাইরের পৃথিবীতে কেউ একজন আমাদের কথা ভাবছে।’ দূরদেশের এক মহান শিল্পীর এই অনন্য উদ্যোগ একাত্তরের মুক্তিকামী মানুষ ও মুক্তিযোদ্ধাদের বিপুল মনস্তাত্ত্বিক সাহস জুগিয়েছিল। বিটলস ভাঙার পর নিজের সফল একক সংগীতজীবন অব্যাহত রাখা হ্যারিসন ২০০১ সালের ২৯ নভেম্বর ৫৮ বছর বয়সে ফুসফুসের ক্যানসারে মারা যান। তবে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে মানবিক সংহতির এক চির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে চিরভাস্বর তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy