Facebook Twitter Instagram YouTube

ইসরায়েলে জাতীয় ঐক্য সরকার গঠনে আইজেনকটকে নেতানিয়াহুর প্রস্তাব


প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ / ০ Views
ইসরায়েলে জাতীয় ঐক্য সরকার গঠনে আইজেনকটকে নেতানিয়াহুর প্রস্তাব

ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়ে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের সম্মতি জানিয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই প্রস্তাবের অধীনে আইজেনকট প্রথম মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং নেতানিয়াহু বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে কাজ করবেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করে নেতানিয়াহু বলেন, দেশের বর্তমান অস্তিত্বের সংকটময় পরিস্থিতিতে বৃহত্তর দলের নেতা হওয়ার নীতি বাদ দিয়ে জাতীয় দায়িত্ব পালন করা জরুরি।

নেতানিয়াহুর এই প্রস্তাবের পর আইজেনকট তাকে দ্রুত এবং আন্তরিক আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন। এর আগে শুক্রবার আইজেনকট অভিযোগ করেছিলেন যে, নেতানিয়াহুর দল লিকুদ ইচ্ছাকৃতভাবে সরকার গঠনের আলোচনা বিলম্বিত করছে এবং আগামী ৬ ডিসেম্বরের সময়সীমা শেষ হওয়ার আগে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। আইজেনকটের অভিযোগের কয়েক ঘণ্টা পরই নেতানিয়াহু এই ঐক্য সরকারের প্রস্তাবটি সামনে আনেন।

ইসরায়েলের গত নির্বাচনে আইজেনকটের মধ্যপন্থী দল ইয়াশার ও অন্য তিনটি ইহুদি বিরোধী দল মিলে ৪৮টি আসন পায়। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন নিশ্চিত করে। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য ৬১টি আসনের প্রয়োজন হয়। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান আইজেনকটকে ২৮ দিনের সময় দিয়েছেন। ইতিমধ্যে তিনি ইসরায়েল আওয়ার হোম ও দ্য ডেমোক্র্যাটস দলের সঙ্গে জোট চুক্তি সম্পন্ন করেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন বেয়াচাদ দলকেও তার জোটে যুক্ত করেছেন। বেনেট জানিয়েছেন, তিনি আইজেনকটের নেতৃত্বাধীন ঐক্য সরকারকে সমর্থন করতে আগ্রহী।

এদিকে, আরব নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট ও জয়েন্ট লিস্ট দলগুলো ১৯টি আসন পাওয়ায় সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে রা'আম নেতা মানসুর আব্বাস ইঙ্গিত দিয়েছেন যে, হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়া নিয়ে তার দল ইতিবাচক অবস্থানে রয়েছে, যা নেতানিয়াহুবিরোধী জোটে তাদের অংশগ্রহণের পথ প্রশস্ত করতে পারে। আইজেনকট জানিয়েছেন, যদি লিকুদ সত্যিই ঐক্য চায়, তবে গত রোববার তার পাঠানো বিস্তারিত প্রস্তাবের ভিত্তিতে আলোচনা করা উচিত। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত রাজনৈতিক অস্থিরতার কারণে ইসরায়েলে পাঁচ বছরে পাঁচবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা দেশটির রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy