
কুমিল্লার মেঘনা উপজেলা এবং আশপাশের নদীগুলোতে দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের অবৈধ 'ঝোপ' বা 'জাগ' বসিয়ে অবাধে মাছ নিধন চললেও তা উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বছরের পর বছর প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাসের মধ্যেই এই ঝোপের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ফলে মেঘনা নদীসহ এর শাখা নদীগুলোতে দেশীয় প্রজাতির মাছের বিচরণক্ষেত্র সংকুচিত হয়ে পড়েছে এবং তীব্র মাছের সংকট দেখা দিয়েছে।
মেঘনা নদী ছাড়াও দাউদকান্দি, হোমনা ও তিতাস উপজেলার বিভিন্ন শাখা নদীতে গাছের ডালপালা ও বাঁশ পুঁতে চারপাশে জাল দিয়ে ঘিরে এসব ঝোপ তৈরি করা হয়। জালের ভেতরের অংশটিতে মাছকে আকৃষ্ট করার জন্য দেওয়া হয় নানা ধরনের খাদ্য। খাবারের টানে বিভিন্ন প্রজাতির প্রাপ্তবয়স্ক মাছ ও পোনা জড়ো হলে পরে জাল টেনে সহজেই সেগুলোকে ধরে নেন দখলদারেরা। স্থানীয়দের দাবি, এসব নৌপথে অন্তত দেড় শতাধিক অবৈধ ঝোপ স্থাপন করা হয়েছে, যার অনেকগুলোই নদীর মাঝখান পর্যন্ত বিস্তৃত।
দেশের মিঠা পানির জলাশয়ে মোট প্রায় ২৬০ প্রজাতির মাছ রয়েছে, যার মধ্যে ছোট প্রজাতির মাছ রয়েছে ১৪৩টি। বিভিন্ন মৎস্য গবেষণায় দেখা গেছে, এর একটি বড় অংশই এখন বিলুপ্তির ঝুঁকিতে। মেঘনা নদীতে অবৈধ জাগ তৈরির কারণে বোয়াল, আইড়, রিটা, গুজি আইড়, চিতল, গজার, শোল, মহাশোল, ঘনিয়া, কালবাউশ, পাবদা, গুলশা, রাজপুঁটি, মেনি, ট্যাংরা, ফলি, শিং, গুতুম, মাগুর, বৈড়ালি, কুচিয়া, ভাগনা, খলিশা, কৈ ও বাটা সহ বিভিন্ন দেশীয় মাছের প্রজনন ও বিচরণ মারাত্মক হুমকির মুখে পড়েছে।
এসব ঝোপের কারণে নদীতে পলি জমে তলদেশ ভরাট হয়ে গভীরতা কমে যাচ্ছে, যা স্বাভাবিক পানিপ্রবাহকে ব্যাহত করছে। একই সঙ্গে মাছের অবাধ চলাচল ও প্রজনন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটছে এবং নদীর সার্বিক জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। এছাড়া নদীর মাঝখানে বিস্তৃত এসব অবৈধ কাঠামোর কারণে পণ্যবাহী জাহাজ, ট্রলার এবং বালুবাহী ভলগেট চলাচলের সময় বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যা নিয়মিত নৌ-দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াল।
ঝোপ বানিয়ে নদী দখলের ফলে মেঘনা উপজেলার প্রায় দুই হাজার স্থানীয় সাধারণ জেলে স্বাভাবিকভাবে মাছ ধরার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। নিয়মিত নৌপুলিশের টহল সত্ত্বেও কীভাবে নদীর মাঝখানে এত ঝোপ টিকে থাকে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী জেলেরা। মেঘনা উপজেলার গুনবতী এলাকার প্রবীণ জেলে আমির হোসেন বলেন, "আগে এই নদীতেই চিতল, বোয়াল, পাবদা ধরে বাড়ি ফিরলে বাচ্চারা খুশি হতো। এখন সারাদিন নৌকা বেয়ে শুধু পানি দেখা যায়। মাছ তেমন ওঠে না।"
ঝোপ উচ্ছেদে উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ওসি সৈয়দ মোশারফ হোসেন জানান, "অবৈধ ঝোপ নিরসনে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এ পর্যন্ত মৎস্য আইনে ২৭টি মামলা করেছি। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বলে খুব শিগগিরই অবৈধ ঝোপের বিরুদ্ধে ব্যবস্থা নেব।" অন্যদিকে মেঘনা উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী বলেন, "আমরা খুব শিগগিরই অবৈধ ঝোপের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির সঙ্গে কথা বলে আগামী সপ্তাহে ব্যবস্থা নেওয়া হবে।" তবে প্রশাসনের পক্ষ থেকে মৎস্য বিভাগে স্থায়ী কর্মকর্তা না থাকা, প্রয়োজনীয় জনবল, বাজেট ও নৌযান সংকটের কথা তুলে ধরা হলেও বছর পার হয়ে গেলেও ঝোপ উচ্ছেদ না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :