
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা নিশ্চিত করেছে যে, ইরান ও তুরস্কের মধ্যে উভয় দিকেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। এই রুটে কোনো ফ্লাইট স্থগিত করা হয়নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে সংস্থাটির একজন মুখপাত্র জানিয়েছেন, ইরান এয়ার, ইরান আসমান এয়ারলাইনস ও ক্যাস্পিয়ান এয়ারলাইনসসহ দেশটির ১০টিরও বেশি বিমান সংস্থা প্রতিদিন সরাসরি ইস্তাম্বুল, আঙ্কারা ও ভ্যান শহরে ফ্লাইট পরিচালনা করছে।
তুরস্কের বার্তা সংস্থা ডিএইচএ শুক্রবার এক প্রতিবেদনে জানায়, ইরানি এয়ারলাইন্সগুলোকে পরিষেবা প্রদানের কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়েছে তুরস্কের বিমানবন্দর গ্রাউন্ড-হ্যান্ডলিং কোম্পানি ‘ফুগো’। এর পরিপ্রেক্ষিতেই কোম্পানিটি তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটেই ইরানের পক্ষ থেকে ফ্লাইট চলাচল নিয়ে এই বক্তব্য দেওয়া হলো।
এদিকে, ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, আজ সকালে তেহরান থেকে তুরস্কের উদ্দেশে একটি ফ্লাইট ছেড়ে গেছে। ফ্লাইটটি আজই গন্তব্যে অবতরণের কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :