Facebook Twitter Instagram YouTube

পাবনায় ছাত্রদলের মিছিলে ককটেল ও ইট নিক্ষেপ, আটক ৪


প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ / ০
পাবনায় ছাত্রদলের মিছিলে ককটেল ও ইট নিক্ষেপ, আটক ৪

পাবনা শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী নাশকতার প্রতিবাদে বের হওয়া জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল ও ইটের খোয়া নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের আব্দুল হামিদ সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ হামলা চালানো হয়। খবর পেয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জড়িত সন্দেহে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

ছাত্রদল নেতাকর্মীরা জানান, রাত ৮টার দিকে পাবনা জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আব্দুল হামিদ সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে পৌঁছালে ভবনের উপর থেকে দুর্বৃত্তরা একটি ককটেল ও ইটের খোয়া ছুড়ে মারে। ইটের খোয়া লেগে জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন আঘাতপ্রাপ্ত হন। তবে নিক্ষিপ্ত ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভবনের ওপর থেকে হামলার ঘটনাটি বুঝতে পেরে ছাত্রদলের নেতাকর্মীরা দ্রুত মুক্তিযোদ্ধা মার্কেট ভবনটি ঘেরাও করেন এবং চারজন সন্দেহভাজনকে আটকে রাখেন। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ঘটনাস্থলে এসে আটক চারজনকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

ঘটনার বিবরণ দিয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন বলেন, সারা দেশেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা নাশকতা চালাচ্ছে। এর প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল করার সময় ভবনের ওপর থেকে তাদের লক্ষ করে ককটেল ও ইট মারা হয়। তারা সঙ্গে সঙ্গেই চার সন্দেহভাজনকে আটকে পুলিশে সোপর্দ করেছেন। তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগের এমন কর্মকাণ্ড নতুন নয় এবং তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।

পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, সংবাদ পাওয়ার পর ডিবি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মার্কেটের ভেতরে আটকে রাখা চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তাদের পরিচয়, মার্কেটে উপস্থিতির কারণ এবং এই হামলার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh