
মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলের সিনবাউংওয়ে টাউনশিপের বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি গ্রামের স্কুল ও মঠ প্রাঙ্গণে সেনাবাহিনীর হামলায় এক শিশু ও বেশ কয়েকজন শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ৩টার দিকে সেখানে একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয়। শনিবার (২৮ নভেম্বর) বিরোধী জাতীয় ঐক্য সরকার (এনইউজি) এবং এক প্রত্যক্ষদর্শী এ তথ্য জানান।
এনইউজি এবং বিরোধী শক্তির সঙ্গে জোটবদ্ধ বিদ্রোহী স্থানীয় কর্তৃপক্ষ অন্তর্বর্তীকালীন মাগওয়ে ফেডারেল ইউনিট সরকারের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় আকাশ থেকে নিক্ষেপযোগ্য ৫০০ পাউন্ড ওজনের চারটি বোমা, ১২টি কামানের গোলা এবং সাতটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়।
এনইউজির মুখপাত্র নে ফোন লাট ও এক স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, যৌথ এই বিমান ও গোলন্দাজ হামলায় নারী ও শিশুসহ ২০ জনের বেশি বেসামরিক মানুষ এবং নয়জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন। ওই প্রত্যক্ষদর্শী আরও উল্লেখ করেন, হামলার সময় এলাকায় সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে কোনো সংঘর্ষ চলছিল না; বিদ্রোহী যোদ্ধারা কেবল মাঝেমধ্যে গ্রামটির ভেতর দিয়ে যাতায়াত করতেন।
তবে সামরিক বাহিনীর সমর্থক টেলিগ্রাম চ্যানেলগুলোর দাবি, বিদ্রোহী বাহিনীর একটি সমাবর্তন অনুষ্ঠান ও সমাবেশকে লক্ষ্য করেই এ বিমান হামলা চালানো হয়েছিল। শনিবার বিকেল পর্যন্ত মিয়ানমারের সেনাবাহিনী এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স মন্তব্য জানতে চাইলে সামরিক-সমর্থিত মিয়ানমার সরকারও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
আপনার মতামত লিখুন :