Facebook Twitter Instagram YouTube

মাদারীপুরে মহাসড়ক অবরোধ, মোটরসাইকেলে আগুন ও ককটেল বিস্ফোরণ


প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ / ০
মাদারীপুরে মহাসড়ক অবরোধ, মোটরসাইকেলে আগুন ও ককটেল বিস্ফোরণ

মাদারীপুরের শিবচর ও টেকেরহাটে ঢাকা-বরিশাল মহাসড়ক এবং পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রোববার ভোর থেকে সড়কের ওপর আগুন জ্বালিয়ে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেওয়ায় ওইসব এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অবরোধ চলাকালে কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া অবরোধকারীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

রোববার ভোর ৪টার দিকে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি এলাকা থেকে পদ্মা সেতু পর্যন্ত এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে এই অবরোধ শুরু হয়। অবরোধকারীরা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে সড়কে মিছিল করেন। এই অবরোধ ও সংঘর্ষের কারণে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে।

একই সময়ে মাদারীপুরের টেকেরহাটেও ঢাকা-বরিশাল মহাসড়কে ভোর থেকে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেখানেও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেওয়ার পাশাপাশি সড়কের ওপর আগুন জ্বালানো হয়, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কের বিভিন্ন অংশে যানজটের সৃষ্টি হয়।

দুই এলাকায় সড়ক অবরোধ ও সংঘাতের কারণে দূরদূরান্তের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে অবরোধকারীদের অবস্থানের কারণে তাৎক্ষণিকভাবে সড়ক স্বাভাবিক করা সম্ভব হয়নি। এ বিষয়ে পুলিশের বক্তব্য জানতে মাদারীপুরের পুলিশ সুপারকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin