Facebook Twitter Instagram YouTube

অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোই এখন সরকারের অগ্রাধিকার: অর্থমন্ত্রী


প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ / ০ Views
অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোই এখন সরকারের অগ্রাধিকার: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার চলমান প্রক্রিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি সাময়িকভাবে কিছুটা কম থাকতে পারে। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় আমদানিতে সরকারকে আগের চেয়ে দ্বিগুণ বা তিন গুণ পর্যন্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। এই বাড়তি ব্যয়ের কারণে সরকারি কোষাগারে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। জ্বালানির উচ্চমূল্যের প্রভাব সারসহ বিভিন্ন পণ্যের উৎপাদন ও আমদানি খরচেও পড়ছে, যা আমদানিজনিত মূল্যস্ফীতি বাড়িয়ে দিচ্ছে। বর্তমানে এই পরিস্থিতি সামাল দেওয়া সরকারের জন্য বড় চ্যালেঞ্জ এবং আপাতত প্রবৃদ্ধির চেয়ে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

মূল্যস্ফীতির বিষয়ে তিনি জানান, কর কমানোর মতো বিভিন্ন উদ্যোগের ফলে খাদ্য মূল্যস্ফীতি ৬ দশমিক ৪ থেকে ৬ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। তবে সরকার এই হারে সন্তুষ্ট নয় এবং এটি আরও কমানোর জন্য অভ্যন্তরীণ পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।

ব্যাংক খাতের সংকট প্রসঙ্গে আমির খসরু বলেন, এই খাতে বিপুল পরিমাণ দায় জমেছে, যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। খাতটিকে পুরোপুরি স্থিতিশীল করতে আগামী বছর পর্যন্ত সময় লাগতে পারে। বর্তমানে সরকারের মূল লক্ষ্য আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা। তিনি আশ্বস্ত করেন, কোনো আমানতকারীর অর্থ কেটে রাখা হবে না এবং সুদসহ তাদের জমানো টাকা ফেরত দেওয়া হবে। এই নিশ্চয়তার পর ব্যাংকে নিট আমানত বাড়ছে, যা একটি ইতিবাচক লক্ষণ।

বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে অর্থমন্ত্রী জানান, সম্প্রতি ওয়াল স্ট্রিটে জেপি মরগানসহ ১৭টি বড় তহবিল ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। ৩৬ ট্রিলিয়ন ডলার সম্পদের অধিকারী এসব প্রতিষ্ঠান বাংলাদেশের সম্ভাবনায় বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে।

পরিশেষে, পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি খাত, শিক্ষাবিদ ও পেশাজীবীদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সরকারের প্রথম বছরটি কঠিন হলেও চতুর্থ ও পঞ্চম বছরে দৃশ্যমান ফলাফল দেখাতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin