Facebook Twitter Instagram YouTube

সুন্দরবনে অভিযান চালিয়ে ডাকাত সর্দার আসাবুরকে আটক করল কোস্ট গার্ড


প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ / ০
সুন্দরবনে অভিযান চালিয়ে ডাকাত সর্দার আসাবুরকে আটক করল কোস্ট গার্ড

সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত বাহিনীর প্রধান আসাবুর সানাকে (৪৫) আটক করেছে কোস্ট গার্ড। রোববার (২৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট এম এইচ রিফাত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে ডাকাত দলের প্রধানকে আটকের পাশাপাশি দুটি দেশীয় ওয়ান শুটারগান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খুলনার দাকোপ উপজেলার শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় আসাবুর বাহিনী এক জেলেকে মুক্তিপণের জন্য জিম্মি করে রেখেছে। গত শনিবার (২৮ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ানের যৌথ অভিযানে ওই জিম্মি জেলেকে জীবিত উদ্ধার করা হয় এবং একটি কাঠের নৌকা জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা বনের গভীরে পালিয়ে যায়।

পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাত একটার দিকে দাকোপের মল্লিকবাড়ি এলাকা দিয়ে পালানোর সময় আসাবুর সানাকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুতারখালী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের তথ্যমতে, দাকোপের বাসিন্দা আসাবুর সানা এর আগেও ২০২৪ সালের ১২ নভেম্বর আটক হয়েছিলেন এবং জামিনে মুক্তি পেয়ে পুনরায় ডাকাতি শুরু করেন। উদ্ধার করা জেলেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

একই দিনে পৃথক আরেকটি অভিযানে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া নদীসংলগ্ন এলাকায় নিয়মিত টহলের সময় কোস্ট গার্ড স্টেশন দোবেকি একটি সন্দেহজনক কাঠের নৌকা তল্লাশি করে। এতে ডাকাতদের ব্যবহারের জন্য রাখা রসদ জব্দ করা হয়, তবে কাউকে পাওয়া যায়নি। নৌকা ও রসদ দোবেকি ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট এম এইচ রিফাত জানান, সরকারের নির্দেশনা ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh